বিশালগড়ে নির্মীয়মাণ ভবন থেকে নিচে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু: এলাকা জুড়ে শোকের ছায়া

প্রগতি ত্রিপুরা, ০৫ সেপ্টেম্বর, ২০২৬: পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ির ছাদে কাজ করার সময় তিন তলা থেকে নিচে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক নির্মাণ শ্রমিকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার। নিহত শ্রমিকের নাম তপন দেবনাথ, তাঁর বাড়ি বিশালগড় মধ্য ব্রজপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার পশ্চিম লক্ষীবিল এলাকার বাসিন্দা আশুতোষ দাসের বাড়িতে বিল্ডিংয়ের ছাদের কাজ করছিলেন তপন দেবনাথ। কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত তিনি তিন তলার উপর থেকে নিচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দেখতে পেয়ে সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তাঁরা রক্তাক্ত অবস্থায় তপন দেবনাথকে উদ্ধার করে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ কর্মীরা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একই সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, তপন দেবনাথের মৃত্যুর খবর পৌঁছাতেই তাঁর পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। খবর পেয়েই স্বজনহারা পরিবারটি হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়ে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে মৃতদেহটি আইনানুগভাবে শোকসন্তপ্ত পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Leave a Comment