উদয়পুরে সিএনজি স্টেশনে গাড়ি রাখা নিয়ে বচসা: যুবকের ওপর হামলা, গ্রেপ্তার ১

প্রগতি ত্রিপুরা, ০৫ সেপ্টেম্বর, ২০২৬: সামান্য গাড়ি রাখা নিয়ে কথা কাটাকাটির জেরে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উদয়পুরের খিলপাড়া সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায়। হামলায় গুরুতর আহত যুবকের নাম শুভদীপ দাস, তিনি উদয়পুর ফুলকুমারী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত প্রায় ১২টা নাগাদ পালটানা এলাকার একটি সামাজিক অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন শুভদীপ। পথিমধ্যে খিলপাড়া সিএনজি স্টেশনের কাছে গাড়ি দাঁড় করিয়ে একটি দোকানে যান তিনি। সেই সময় গাড়ি পার্কিং করা কেন্দ্র করে খিলপাড়া এলাকার বাসিন্দা মোবারক হোসেন ও সোহেল মিয়ার সঙ্গে তাঁর তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, বচসা চরম আকার ধারণ করলে অভিযুক্তরা শুভদীপের ওপর চড়াও হয় এবং গাড়ির চাবি ও কিল-ঘুষি মেরে তাঁকে মারাত্মকভাবে জখম করে।

ঘটনার পর আহত শুভদীপকে উদ্ধার করে তাঁর বন্ধুরা দ্রুত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। এদিকে, ঘটনার আকস্মিকতায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত মোবারক হোসেনকে হাতেনাতে ধরে রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশি হেফাজতে নেওয়ার পর আহত মোবারককেও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

Leave a Comment