তিন দিনব্যাপী কুঁড়িপুকুর মিলন মেলা ১৫ এপ্রিল থেকে শুরু

প্রগতি ত্রিপুরা, ১২ এপ্রিল, ২০২৬ : তিন দিনব্যাপী কুঁড়িপুকুর মিলন মেলা আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। আজ ডুকলি ব্লকের বাগমারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমতলিস্থিত শ্রীশ্রী সনাতন গোস্বামী আশ্রমে অনুষ্ঠিত প্রস্তুতি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট নাগরিক বিষ্ণু জয় সরকার।

উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভুলন সাহা, সমাজসেবী মান্তু দেবনাথ, ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি সহ এলাকার বিশিষ্ট নাগরিকগণ। উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে মেলা কমিটির চেয়ারম্যান এবং বিশিষ্ট নাগরিক তপন পালকে সম্পাদক করে একটি প্রস্তুতি কমিটি এবং বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।

আলোচনায় অংশগ্রহণ করে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, ঐতিহ্যমন্ডিত কুড়িপুকুর মিলন মেলা গোটা রাজ্য তথা সংশ্লিষ্ট এলাকার জনগণের সাংস্কৃতিক, সামাজিক এবং ধর্মীয় রীতি-নীতির পরিচয় বহন করে। কুড়ি পুকুর মিলনমেলার আরো বেশি শ্রীবৃদ্ধি ঘটাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। বাংলা বর্ষবরণের আদলে মেলায় নানা কর্মসূচি গ্রহণের জন্য পরামর্শ দেন।

মেলার দিনগুলিতে পুণ্যার্থী এবং দর্শনার্থীদের সুবিধায় প্রয়োজনীয় বিশ্রাম স্থল, পানীয় জল ইত্যাদির বন্দোবস্ত করতে নির্দেশ দেন। তিন দিনব্যাপী কুড়িপুকুর মিলন মেলাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা এবং ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Leave a Comment