অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর, ২০২৬: ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ন এনসিসি-র উদ্যোগে এবং রাজ্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের সহায়তায় এনএসআরসিসি-তে এনসিসি ক্যাডেটদের নিয়ে ১০ দিনব্যাপী কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। প্রশিক্ষণ শিবির চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। আজ এক অনুষ্ঠানে শিবিরের সূচনা করেন ১৩-ত্রিপুরা ব্যাটেলিয়ন এনসিসি-র কমান্ডিং অফিসার কর্ণেল এন এস বাথ। প্রশিক্ষণ শিবিরে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয় থেকে ৩৩৮ জন ক্যাডেট অংশ নিয়েছেন। এরমধ্যে ১৭২ জন ছাত্র এবং ১৬৬ জন ছাত্রী।
প্রশিক্ষণ শিবিরের সূচনা করে ১৩-ত্রিপুরা ব্যাটেলিয়ন এনসিসির কমান্ডিং অফিসার কর্ণেল এন এস বাথ শিবিরে অংশগ্রহণকারী ক্যাডেটদের অভিনন্দন জানিয়ে বলেন, কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের আর্থিক সহায়তায় এই শিবিরের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে ক্যাডেটদের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও সমাজসেবার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তারা সুনাগরিক হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে। এই প্রশিক্ষণ শিবিরে পিটি, যোগা, ড্রিল, মিলিটারি ট্রেনিং, বক্সিং, ম্যাপ রিডিং, ড্রোন ফায়ারিং ইত্যাদি শেখানো হবে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের প্রশিক্ষণ দেবেন।
এছাড়া রয়েছে বিতর্ক প্রতিযোগিতা, নেশামুক্ত আলোচনাচক্র, গ্রুপ ডিসকাশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তাছাড়াও শিবিরে এনডিআরএফ ও এসডিআরএফ-এর উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি বলেন, যুব আপদা মিত্র প্রকল্পে ইতিমধ্যে ৫৮৮ জন ক্যাডেটকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ৮০০ জন এনসিসি ক্যাডেট তৈরি আছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গকুলনগরস্থিত সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউটের ইনস্পেকটর আর কে ধর। উপস্থিত ছিলেন ১৩-ত্রিপুরা ব্যাটেলিয়ন এনসিসির লেফটেন্যান্ট কর্ণেল বিকাশ মালিক, গকুলনগরস্থিত সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউটের অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট বি কে মিশ্র, এনডিআরএফ প্রথম ব্যাটেলিয়নের সাব ইনস্পেক্টর দীপক কুমার প্রমুখ।







