অনলাইন ডেস্ক, ১৯ মার্চ, ২০২৬: আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ খোয়াই জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ আলোচনায় অংশ নিয়ে বলেন, খোয়াই জেলায় টি.টি.এ.এ.ডি.সি.-র তিনটি আসন রয়েছে।
এগুলি হলো ৯-হালাহালি-আশারামবাড়ি (এস.টি.), ১২-রামচন্দ্রঘাট (এস.টি.) এবং ১১-মহারাণীপুর-তেলিয়ামুড়া (এস.টি.) আসন। ৯-হালাহালি-আশারামবাড়ি (এস.টি.) আসনে মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৪৭টি। মোট ভোটার রয়েছেন ৩৪ হাজার ৬৩২ জন। ১২-রামচন্দ্রঘাট (এস.টি.) আসনে মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৪১টি। মোট ভোটার রয়েছেন ৩০ হাজার ৫১১ জন। ১১-মহারাণীপুর-তেলিয়ামুড়া (এস.টি.) আসনে মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৪৮টি। মোট ভোটার রয়েছেন ৩১ হাজার ৭৬৭ জন।
জেলাশাসক আসন্ন টি.টি.এ.এ.ডি.সি.-র নির্বাচনে সকল রাজনৈতিক দলকে নির্বাচনের আদর্শ আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। বৈঠকে বিজেপি, সি.পি.আই.এম., আই.এন.সি. ও তিপরা মথা রাজনৈতিক দলের প্রতিনিধিগণ ছাড়াও পুলিশ সুপার রণদিত্য দাস, খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য, খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার, তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, এ.ই.ও. কবিন্দ্র দেববর্মা সহ খোয়াই ও তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।








