প্রগতি ত্রিপুরা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬: ত্রিপুরার ঊনকোটি জেলার মহকুমা সদরে কৈলাসহর থানার অন্তর্গত চিনিবাগান ৫নং ওয়ার্ড এলাকায় রঙিন পানীয়র নেশায় মর্মান্তিক খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নেশার ঘোরে জ্ঞান হারিয়ে ভাগ্নের হাতে প্রাণ হারালেন মামা বিন্দু দেববর্মা (৬২)। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে নিজেদের বাড়িতেই বসেছিল মদ্যপানের আসর।
নেশা বাড়তেই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভাগ্নে সঞ্জিত দেববর্মা তার বৃদ্ধ মামার ওপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি মারধর ও বুকে সজোরে লাথির জেরে গুরুতর জখম হন বিন্দু দেববর্মা।রক্তাক্ত অবস্থায় তাঁকে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হলেও ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত প্রথমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। পরে এলাকা ছেড়ে চম্পট দেয় সে। বর্তমানে অভিযুক্ত পলাতক।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে। এক রাতের নেশা আর মুহূর্তের উন্মত্ততা যে একটি পরিবারকে চিরদিনের জন্য শোকের সাগরে ডুবিয়ে দিতে পারে, চিনিবাগানের এই ঘটনা তারই নির্মম উদাহরণ।








