অনলাইন ডেস্ক, ২২ ফেব্রুয়ারি, ২০২৬: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। পরীক্ষা চলবে আগামী ৩০ মার্চ, ২০২৬ পর্যন্ত।
উল্লেখিত পরীক্ষা কুমারঘাট মহকুমায় রামগুণা চৌধুরী পাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, নবিনছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, রাইতুইসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, কুমারঘাট উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, পূর্ব কাঞ্চনবাড়ি হাইস্কুল ও পিএম শ্রী হাজিবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের আশপাশ এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে কুমারঘাট মহকুমা শাসক এন এস চাকমা এক আদেশবলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-২০২৩ এর ১৬৩ ধারা জারি করেছেন। সে অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে পরীক্ষা চলাকালীন পাঁচ বা ততোধিক ব্যক্তি একসাথে জড়ো হতে পারবেন না।
পরীক্ষা চলাকালীন সময়ে স্বরবর্ধক যন্ত্র ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আইন প্রণয়নকারী সংস্থা, স্বাস্থ্য ও জরুরী পরিষেবা প্রদানের পাশাপাশি আইন-শৃঙ্খলা ও বোর্ড পরীক্ষার কাজে নিয়োজিত কর্মীদের চলাফেরার ক্ষেত্রে, সরকারি কাজে নিয়োজিত কর্মচারী এবং মুমূর্ষ রোগীর জরুরী চিকিৎসার প্রদানে জন্য চলাফেরার ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে না।
কোন ব্যক্তি আইন ভঙ্গ করলে বিএনএস-২০২৩ এর ২২৩ ধারা অনুযায়ী অপরাধী হিসেবে বিবেচিত হবেন। উল্লেখিত নিষেধাজ্ঞা আগামী ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২টা থেকে কার্যকর হয়ে আগামী ৩০ মার্চ, ২০২৬ বিকাল ৩.১৫ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে।








