পানীয় জলের দাবিতে পথ অবরোধ, জনপ্রতিনিধিদের আশ্বাসে প্রত্যাহার

প্রগতি ত্রিপুরা, ২১ ফেব্রুয়ারী, ২০২৬: পানীয় জলের দাবিতে পথ অবরোধ কদমতলা–ধর্মনগর সড়কে। পানীয় জলের তীব্র সংকটের প্রতিবাদে পথ অবরোধে শামিল হলেন বাগবাসা বিধানসভা এলাকার বাসিন্দারা। শনিবার সকাল আনুমানিক ১০টা থেকে বাগবাসা বিধানসভার অন্তর্গত পশ্চিম ইচাইলালছড়া কমিউনিটি হলের সামনে কদমতলা–ধর্মনগর মূল সড়কের উপর এই পথ অবরোধ কর্মসূচি শুরু হয়।

ঘটনার বিবরণে জানা যায়, বাগবাসা বিধানসভার পশ্চিম ইচাইলালছড়া গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড এবং পূর্ব ইচাইলালছড়া গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছিলেন। বিষয়টি একাধিকবার পশ্চিম ইচাইলালছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রতিস চন্দ্র দাস এবং পূর্ব ইচাইলালছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয়িতা ঘোষ সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধিদের জানানো হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান না হওয়ায় অবশেষে ক্ষুব্ধ এলাকাবাসীরা পথ অবরোধে নামতে বাধ্য হন।

পথ অবরোধের খবর পেয়ে প্রথমে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন। জনপ্রতিনিধিরা এলাকাবাসীদের আশ্বাস দেন যে, আগামী সোমবারের মধ্যেই পানীয় জলের সমস্যার সমাধান করা হবে। তদের এই আশ্বাসে সন্তুষ্ট হয়ে এলাকাবাসীরা পথ অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর কদমতলা–ধর্মনগর মূল সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

Leave a Comment