প্রগতি ত্রিপুরা, ২২ জানুয়ারী, ২০২৬: ভারতের জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাহুল গান্ধীর আহ্বানে দেশজুড়ে শুরু হওয়া ‘মনরেগা বাঁচাও’ আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে ত্রিপুরাতেও। রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমায় ধারাবাহিকভাবে সংগঠিত হচ্ছে প্রতিবাদ কর্মসূচি। সেই আন্দোলনেরই অংশ হিসেবে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো চার ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি।
সকাল এগারোটা থেকে শুরু হয়ে দুপুর তিনটে পর্যন্ত এই গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় কদমতলা ব্লকের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র প্রেমতলা বাজারে। এদিন কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই এলাকায় ছিল রাজনৈতিক উত্তাপ। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগানে মুখর হয়ে ওঠেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।
এই কর্মসূচিতে অংশ নিতে আগরতলা থেকে বিশেষভাবে উপস্থিত হন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাঁর সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত চৌধুরী, ৫৪-কুর্তি কদমতলা ব্লক কংগ্রেসের সভাপতি মানিক লাল দাস, উত্তর জেলা কংগ্রেস সভাপতি দ্বীগবিজয় চক্রবর্তী, প্রদেশ কংগ্রেসের অন্যতম সদস্য চয়ন ভট্টাচার্য সহ যুব কংগ্রেস ও কংগ্রেসের একাধিক নেতা-কর্মীগন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকার পরিকল্পিতভাবে মনরেগা প্রকল্পকে দুর্বল করার চেষ্টা করছে। শুধু তাই নয়, মনরেগা আইনে পরিবর্তন এনে মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলার ষড়যন্ত্র চলছে বলেও তিনি দাবি করেন। তাঁর বক্তব্যে, “মনরেগা শুধু একটি প্রকল্প নয়, এটি দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের বেঁচে থাকার অধিকার।
এই প্রকল্পের সঙ্গে মহাত্মা গান্ধীর নাম জড়িয়ে আছে, আর সেই নাম মুছে ফেলার চেষ্টা আসলে সংবিধান ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।”
তিনি আরও বলেন, গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিত করার ক্ষেত্রে মনরেগা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তা বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছে।
সময়মতো কাজ না দেওয়া, মজুরি বকেয়া রাখা এবং প্রকল্পের বরাদ্দ কমিয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের জীবন-জীবিকাকে সংকটে ফেলা হচ্ছে।কর্পোরেট দের হাতে এই প্রকল্প তুলে দিয়ে সাধারণ মানুষকে ঠকানোর পথে হাঁটছে।যেটা কংগ্রেস দল কোন ভাবেই সফল হতে দেবে না”।
এদিকে অন্যান্য বক্তারাও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন এবং দাবি করেন, যতদিন না পর্যন্ত মনরেগার প্রকৃত স্বার্থ রক্ষা হবে এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে, ততদিন কংগ্রেস ও যুব কংগ্রেসের আন্দোলন চলবে।এদিন সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও প্রেমতলা বাজার চত্বর দীর্ঘক্ষণ ধরে কংগ্রেসের স্লোগানে মুখরিত ছিল।
কদমতলা ব্লক যুব কংগ্রেসের এই গণঅবস্থান কর্মসূচি স্পষ্ট বার্তা দিল-মনরেগা ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে প্রস্তুত কংগ্রেস।







