অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারী, ২০২৬: দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক ‘নেশামুক্ত প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট’ ৩.০-এর ফাইনাল ম্যাচ ও সমাপ্তি অনুষ্ঠান আগামী ৩১ জানুয়ারি বিলোনীয়া বিদ্যাপীঠ ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ঋষ্যমুখ স্টার একাদশ এবং সাতচাঁদ শার্কসের মধ্যে।
আজ জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান, জেলাশাসক মোঃ সাজাদ পি। তিনি জানান, নেশার কুপ্রভাব সম্পর্কে মানুষকে অবহিত করার লক্ষ্যে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গত ১১ ডিসেম্বর ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে শুরু হওয়া এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন ব্লক ও নগর এলাকার ফুটবল মাঠে মোট ২২টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
এই ম্যাচগুলিতে স্থানীয় ১২টি টিম অংশগ্রহণের পাশাপাশি ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে সুস্থ হয়ে উঠা যুবকদেরও একটি টিম অংশগ্রহণ করে। জেলাশাসক আরও জানান, আগামী ৩১ জানুয়ারি মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সেদিন তিনি রাজনগর ব্লকের নীহারনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং ঘোষখামার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনেরও উদ্বোধন করবেন।
এছাড়া, বিলোনীয়া বনকরস্থিত বিদ্যাসাগর মার্কেট এবং বিলোনীয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইন্ডোর ক্রিকেট প্র্যাক্টিস শেডের ভিত্তিপ্রস্তর স্থাপনেও অংশগ্রহণ করবেন। সেদিন মুখ্যমন্ত্রী বিলোনীয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের নবনির্মিত ভবনটির ভার্চুয়ালি উদ্বোধন করবেন। জেলাশাসক আরও জানান, ৩১ জানুয়ারি সমাপ্তি অনুষ্ঠানে দর্শকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। বলিউড গায়িকা শ্রুতি পাঠক সেদিন সমাপ্তি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।
এক্ষেত্রে হাতে রিস্ট ব্যান্ড পরিহিত দর্শকরাই মাঠে প্রবেশ করতে পারবেন। এই রিস্ট ব্যান্ড আগামী ২৬ জানুয়ারি বিদ্যাপীঠ মাঠে বিকাল ৪টা থেকে এবং ২৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত জেলাশাসক কার্যালয়ে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিতরণ করা হবে।







