অনলাইন ডেস্ক, ১৫ সেপ্টেম্বর, ২০২৬: রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তিন দুর্বৃত্তের অতর্কিত হামলায় গুরুতর জখম হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে আনন্দনগর এলাকায়। আক্রান্ত যুবকের নাম লিটন দাস, বয়স আনুমানিক ২৬ বছর, বাড়ি উত্তর আনন্দনগর এলাকায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত যুবক ও তার পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে তিন দুষ্কৃতী তার পথ আটকে দাঁড়ায়। কোনো কারণ ছাড়াই যুবকের ওপর বাঁশ দিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে তারা। ফলে তার মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে। আক্রান্ত ব্যাক্তির অভিযোগ, মারধরের পর তার কাছে থাকা মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে।
বর্তমানে জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন লিটন । এই নৃশংস হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








