২০১৮-এর পর ত্রিপুরায় গণতন্ত্রের পরিবেশ নষ্ট হয়েছে: আশীষ

প্রগতি ত্রিপুরা, ০১ অক্টোবর, ২০২৬: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারের দাবিতে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে গণঅবস্থান করল কংগ্রেসের সেবা দল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

গণঅবস্থানে বক্তব্য রাখতে গিয়ে আশীষ কুমার সাহা অভিযোগ করেন, ২০১৮ সালের পর থেকে ত্রিপুরায় গণতান্ত্রিক পরিবেশ ক্রমশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচন এলেই আতঙ্কের পরিস্থিতি তৈরি করা হয় এবং বিরোধী ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, রাজনৈতিক পালাবদল হলে জ্ঞানেশ কুমারকে জেলে যেতে হবে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহারও তীব্র সমালোচনা করেন আশীষ কুমার সাহা। তাঁর অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, বেকারত্ব এবং প্রশাসনিক ক্ষেত্রে সাধারণ মানুষের অধিকার খর্ব করার পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ-প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কংগ্রেস সভাপতির তোলা অভিযোগ নিয়ে শাসক দলের প্রতিক্রিয়া এদিন জানা যায়নি।

Leave a Comment