অনলাইন ডেস্ক, ১৫ সেপ্টেম্বর, ২০২৬: মান্দাই ব্লকের অন্তর্গত ২৬ টি ভিলেজ কমিটির মধ্যে ১৫ টি ভিলেজ কমিটিতে আগামী ২৮ সেপ্টেম্বর ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এন.ডি.এ জোটের সঙ্গে এই ভোটের লড়াই হচ্ছে সিপিআইএম ও নির্দল প্রার্থীদের মধ্যে। এই ভোট গ্রহণ প্রক্রিয়াকে কেন্দ্র মঙ্গলবার অনুষ্ঠিত হলো মক পোল।উপস্থিত ছিলেন জিরানিয়া মহকুমা শাসক, মান্দাই ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার পূজন সেন সহ নির্বাচনে যুক্ত কর্মীরা। এই মক পোল এর মধ্য দিয়ে সুস্থ,স্বাভাবিক ,নিরপেক্ষ ভোট সম্পন্ন করার বার্তা দেওয়া হয়
আসন্ন টিটিএডিসি সাধারণ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে পোলিং পার্সোনেলদের নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো। মান্দাই আর.ডি. ব্লকের অন্তর্গত কমিউনিটি হলে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।
এদিনের এই প্রশিক্ষণ শিবিরে মূলত নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষকরা প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে নানা নির্দেশিকা দেন।
কর্মকর্তাদের উপস্থিতি: প্রশিক্ষণ শিবিরে ২৭ জন প্রিসাইডিং অফিসার এবং নির্ধারিত পোলিং অফিসাররা অংশ নেন। প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের হ্যান্ডবুকের নিয়মাবলী এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন দিক বুঝিয়ে দেওয়া হয়। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে পোলিং টিমের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও দলগত কাজের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রশিক্ষণ শিবিরে জানানো হয়, প্রিসাইডিং অফিসারের পাশাপাশি থার্ড পোলিং অফিসার পর্যন্ত প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক। নির্বাচনী প্রক্রিয়ায় কোনো জরুরি পরিস্থিতিতে বা অসুস্থতার কারণে কীভাবে একে অপরকে সহযোগিতা করতে হবে, সে বিষয়েও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতেই এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।








