জিবিপি হাসপাতালে লিভার ও পোর্টাল হাইপারটেনশনের বিরল অস্ত্রোপচারে সাফল্য

প্রগতি ত্রিপুরা, ১৬ মে, ২০২৬: লিভার ও পোর্টাল হাইপারটেনশনের বিরল অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে সম্পন্ন করলেন জিবিপি হাসপাতালের চিকিৎসকরা। গোমতী জেলার উদয়পুর এলাকার বাসিন্দা ৪২ বছর বয়সী এক ব্যক্তি দীর্ঘদিন ধরে জটিল লিভারের সমস্যায় ভুগছিলেন। ঘন ঘন পেটব্যথা, পেট ফুলে যাওয়া এবং রক্তবমির মতো গুরুতর উপসর্গ নিয়ে তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়। পরবর্তীতে তিনি আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি ও গ্যাস্ট্রোসার্জারি বিভাগে চিকিৎসার জন্য আসেন।

গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের বিশেষজ্ঞ গ্যাস্ট্রোসার্জন ডাঃ দীপংকর শংকর মিত্র রোগীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ‘নন-সিরোটিক পোর্টাল হাইপারটেনশন’ রোগে আক্রান্ত বলে শনাক্ত করেন এবং অস্ত্রোপচারের পরামর্শ দেন। রোগীর শারীরিক অবস্থা ও জটিলতা বিবেচনা করে তিনি কার্ডিওভাস্কুলার সার্জন ডাঃ কনকনারায়ণ ভট্টাচার্যের সঙ্গে পরামর্শ ও আলোচনা করেন। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় যে রোগীর ‘স্পেনোরেনাল ভাস্কুলার শান্ট’ এবং ‘স্পেনেকটমি’ অস্ত্রোপচার করা হবে।

এই অস্ত্রোপচারের মাধ্যমে পোর্টাল হাইপারটেনশন হ্রাস পাবে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার সমস্যাও অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। তবে শুরুতে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল না। তাই গত ০৬ এপ্রিল রোগীকে কার্ডিওভাস্কুলার বিভাগে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রায় একমাস ধরে নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে তাঁকে স্থিতিশীলও অস্ত্রোপচারের উপযোগী করে তোলা হয়। কার্ডিওভাস্কুলার অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডাঃ রিমঝিম চাকমা এবং ডাঃ মনিময় দেববর্মা অস্ত্রোপচারকালীন অ্যানেস্থেসিয়া এবং পরবর্তী পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেন। অবশেষে গত ১৩ মে কার্ডিওভাস্কুলার সার্জন ডাঃ কনকনারায়ণ ভট্টাচার্য এবং গ্যাস্ট্রোসার্জন ডাঃ দীপংকর শংকর মিত্রের নেতৃত্বে ১০ সদস্যের একটি সার্জিক্যাল টিম সফলভাবে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন।

প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই অস্ত্রোপচারে রোগীর ক্ষতিগ্রস্ত প্লীহা কেটে বাদ দেওয়া হয় এবং পোর্টাল ভেইন ও কিডনির ভেইনের সংযোগকারী ভাস্কুলার সান্ট অপারেশন করা হয়। বর্তমানে রোগী সিটিভিএস আইসিইউ-তে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে চলেছেন। ইতোমধ্যে রোগীকে মুখে তরল খাদ্যও প্রদান করা হচ্ছে। ডাঃ কনকনারায়ণ ভট্টাচার্য ও ডাঃ দীপংকর শংকর মিত্র জানান, লিভার ও পোর্টাল হাইপারটেনশনজনিত এই বিরল সার্জিক্যাল অস্ত্রোপচার রাজ্যে এই প্রথম সফলভাবে সম্পন্ন হয়েছে। এর আগে এই ধরনের চিকিৎসার জন্য লিভার রোগীদেরকে বহিরাজ্যে যেতে হত।

এর ফলে এই অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা এখন রাজ্যের আগরতলা মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে সম্ভব। এই অস্ত্রোপচারে সার্জিক্যাল টিমের চিকিৎসকদের পাশাপাশি সহায়তাকারী টেকনিশিয়ান ও স্ক্রাব নার্স হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুদীপ্ত মণ্ডল, রতন মণ্ডল, অর্পিতা সরকার, মৌসুমী দেবনাথ, সৌরভ শীল, অন্নবাহাদুর জমাতিয়া, জয়দীপ চক্রবর্তী, অভিজিৎ দেব, মিনহাজুদ্দিন এবং সৌরভ ত্রিপুরা। বিনামূল্যে সরকারি খরচে এই ব্যয়বহুল জটিল অপারেশন করাতে পেরে রোগীর পরিবার সন্তোষ প্রকাশ করে ডাক্তার, সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্বাস্থ্য দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment