প্রগতি ত্রিপুরা, ১৬ মে, ২০২৬: রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো ডুকলি ব্লকভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আজ চৌমুহনী বাজার পঞ্চায়েত, সূর্যমনিনগর পঞ্চায়েত, বাগমারা পঞ্চায়েত, বল্লভপুর পঞ্চায়েত এবং আইসি নগর পঞ্চায়েতকে নিয়ে গঠিত জোন-এ এর প্রতিযোগিতা আমতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করে ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভুলন সাহা বলেন সংস্কৃতি চর্চা ভবিষ্যৎ কর্ম জীবনকে সমৃদ্ধ করে। তাই স্কুল স্তরে সংস্কৃতি চর্চার গতি বাড়ানোর জন্য রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ডুকলি ব্লকভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়। সংস্কৃতি প্রেমিক ছাত্র-ছাত্রীরা যাতে ভবিষ্যৎ জীবনে প্রকৃত শিল্পী হিসেবে বেড়ে উঠার সুযোগ পায় এবং ছাত্র-ছাত্রীরা যাতে প্রতিযোগিতা মূলক সংস্কৃতি চর্চায় এগিয়ে আসে তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমল চৌধুরী, বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর দাস সহ অন্যান্যরা। অন্যদিকে জারুল বাচাই পঞ্চায়েত, শ্রীনগর পঞ্চায়েত, পশ্চিম জারুল বাচাই ভিলেজ কমিটি, পূর্ব জারুল বাচাই ভিলেজ কমিটি এবং কালিদাস পাড়া ভিলেজ কমিটি কে নিয়ে গঠিত জোন ডি এর প্রতিযোগিতা শ্রীনগর কবি সুকান্ত উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রবীন্দ্র নজরুল সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক এছাড়া সমবেত জনজাতি নৃত্য, তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদি বিষয়ের উপর ডুকলি ব্লক এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ক এবং খ বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।








