প্রগতি ত্রিপুরা, ১৪ এপ্রিল, ২০২৬: মঙ্গলবার নির্বাচন কমিশনে গেল বামেরা। পরে বামফ্রন্টের আহবায়ক মানিক দে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিষয়গুলি উত্থাপন করেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনে দাবি করা হয়েছে ১৭ এপ্রিল এডিসি-র ভোট গণনার সময় এবং গণনার পরবর্তী সময় যেন নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়। গণনার সময় গণনা কেন্দ্রের ভেতরে এবং বাইরে যেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকে।
কাউন্টিং এজেন্টদের নিরাপত্তার দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবে। কোন রাজনৈতিক দল ভোট কেন্দ্রের বাইরে কিভাবে জমায়েত হবে সে বিষয়ে যেন প্রশাসন থেকে নির্ধারণ করে দেওয়া হয়। আইনশৃঙ্খলার যেন অবনতি না হতে পারে তার জন্য গণনা কেন্দ্রের বাইরে এবং ভেতরে সিসি টিভির ব্যবস্থা থাকতে হবে।
যাতে কোন রকম অবাঞ্ছিত ঘটনা সংঘটিত না হতে পারে। সাংবাদিক সম্মেলন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নরেশ জমাতিয়া, ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব রঘুনাথ সরকার।








