ভোট দিলেন বিজেপি প্রার্থী বিপিন দেববর্মা, প্রদ্যোত কিশোর দেববর্মণ, প্রার্থী রাধা চরণ দেববর্মা

প্রগতি ত্রিপুরা, ১২ই এপ্রিল, ২০২৬: রবিবার সকাল থেকে রাজ্যের পাহাড়ে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। ১৫ জিরানিয়া আসনের দীনবন্ধু পাড়া জে বি স্কুলে ভোট দিলেন প্রদেশ বিজেপি -র সাধারণ সম্পাদক তথা বিজেপি দামছড়া-কচুছড়া প্রার্থী বিপিন দেববর্মা। তিনি ভোটাধিকার প্রয়োগ করে বলেন, এডিসিতে যে সরকার পরিবর্তন হতে চলেছে তাকে রাজ্যের মানুষ স্বাগত জানাবে।

বিশেষ করে দুর্নীতি যুক্ত সরকারকে বিসর্জন দিতে প্রস্তুত হয়ে আছে। তাই আজকের পবিত্র দিনে উৎসবের মেজাজে মানুষ ভোটদানে অংশ নিয়েছে। পাশাপাশি ভোটাররা মনে করছে এবারকার নির্বাচন কোন আবেগ দিয়ে নয়, যারা প্রকৃতভাবে জনজাতিদের উন্নয়ন করবে তাদের জয়ের প্রয়োজন।

১৪ মান্দাই পুলিনপুর আসনের অভিরাম স্কুলে ভোট দিলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। এদিন ভোট দিতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, যারা ভাবছে রাজনৈতিক দলগুলি মারপিট করছে সেটা ভুল, তিপ্রাসা – তিপ্রাসাকে আক্রমণ করছে। যেদিন তিপ্রাসা – তিপ্রাসাকে আক্রমণ করবে না, সেদিন থানসা হবে।

ভোট দিলেন ১৫ জিরানিয়া সিপিআইএম প্রার্থী তথা প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধা চরণ দেববর্মা তিনি অভিরাম সিনিয়র বেসিক স্কুলে তার ভোট প্রদান করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যের বিভিন্ন আসনে মানুষের মধ্যে ভয় ভীতি কাজ করছে। কিন্তু মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। সুতরাং, মানুষ যা সিদ্ধান্ত নেবে সেটাই মাথা পেতে গ্রহণ করা হবে।

Leave a Comment