আগুনে নি:স্ব তিনটি কৃষক পরিবার

প্রগতি ত্রিপুরা, ২৫ মার্চ, ২০২৬: আগুনে নি:স্ব তিনটি কৃষক পরিবার। কৈলাসহর বালুছড়া গ্রামের ইসলাম উদ্দিন, হজ্জাতুল ইসলাম এবং নুরুল ইসলামের পরিবার দিশেহারা। ঘটনা কৈলাসহরের বালুছড়া গ্রামে। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীন ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বালুছড়া গ্রামের স্থায়ী বাসিন্দা ইসলাম উদ্দিন, হজ্জাতুল ইসলাম এবং নুরুল ইসলাম তিন ভাই পেশায় কৃষক। তিন ভাই আলাদা আলাদা ভাবে নতুন ঘর নির্মান করে বসবাস করছিলেন। বুধবার দুপুরে তিন ভাই বাড়িতে ছিলেন না। বাড়িতে তিন ভাইয়ের স্ত্রী সহ শিশুরা ছিলেন।

হঠাৎ করে ঘরে আগুন দেখে বাড়ির মহিলারা চিৎকার চেচামেচি শুরু করলে গ্রামবাসীরা ছুটে আসেন এবং আগুন লাগার খবর পেয়ে তিন ভাইও ছুটে আসেন। ঘটনার সাথে সাথেই কৈলাসহরের অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়েই দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ঘরের ভিতরে থাকা সোনা গয়না, নগদ এক লক্ষ টাকা, দামী বিছানা, ধান, দামী আসবাবপত্র সহ ঘরের ভিতরে থাকা সমস্ত কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এমনকি ঘরের টিনের ছাউনির সমস্ত টিন গুলোও পুড়ে যায়। তিন ভাইয়ের সমস্ত অরিজিনাল সার্টিফিকেট গুলো আগুনে পুড়ে যায়।

আগুন লাগার খবর পেয়ে শহরের বিজেপি দলের নেতৃত্বরা ঘটনাস্থলে যান। নেতৃত্বদের মধ্যে ছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী সন্দীপ দেবরায়, আইনজীবী বিজিত দাস, যুব মোর্চা ঊনকোটি জেলা কমিটির সভাপতি অরুপ ধর, বিজেপি দলের সক্রিয় কর্মী ফুজাইল আলী, জুয়েল আহমেদ, পঞ্চায়েত সদস্য আরজান আলী, পঞ্চায়েত সদস্য আনছার আলী সহ আরও অন্যান্য নেতৃত্বরা। বিজেপি দলের নেতৃত্বরা ঘটনাস্থল পরিদর্শন করে তিন ভাইয়ের সাথে আলোচনা করে সমস্ত কিছু জানার পর কৈলাসহরের মহকুমা শাসক এবং তহশীলদার সহ কৃষি দপ্তরের আধিকারিকদের সাথে ফোনে সমস্ত কিছু জানান এবং পরবর্তী সময়ে তহশিলদার ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সমস্ত কিছু লিখে আনেন। আ

ইনজীবী সন্দীপ দেবরায় জানান যে, প্রাথমিকভাবে জানা যায় যে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুনে সমস্ত কিছু পুড়ে গিয়ে তিন ভাই হতাশ হয়ে পড়েছে। শরীরে পড়ার জন্য কাপড়ও নেই। দলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, প্রশাসনের সাথে আলোচনা করে খুব শীঘ্রই মাথা গুজাবার জন্য স্থায়ী ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে এবং অন্যান্য সাহায্য সহযোগিতাও করা হবে বলে জানান আইনজীবী সন্দিপ দেবরায়।

Leave a Comment