এডিসি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষ রূপ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন আধা সামরিক বাহিনী

অনলাইন ডেস্ক, ২২ মার্চ, ২০২৬: ত্রিপুরার পাহাড়ি অঞ্চলে আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ তীব্র আকার ধারণ করছে। মুঙ্গিয়াকামী থানার অধীন ৪১ মাইল এলাকায় বাম প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। অভিযোগ অনুযায়ী, বামপন্থী প্রার্থী ও তার সমর্থকেরা প্রচারে বের হলে বিজেপি কর্মীরা তাদের বাধা দেয় এবং প্রচার কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা করে।

এতে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা ও উত্তেজনার সৃষ্টি হয়। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, বাম কর্মীরাই উসকানি দিয়ে অশান্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে দোষারোপে সরব হয়েছে, ফলে নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা নিয়ে প্রশ্ন উঠছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সতর্ক রয়েছে। নির্বাচনের প্রাক্কালে এ ধরনের ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর।

Leave a Comment