দুই অসহায় দিনমজুর পরিবারের পাশে দাঁড়ালো গৌরনগর SHG ভিলেজ ফেডারেশনের সদস্যরা

প্রগতি ত্রিপুরা, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬: গত তেরো ফেব্রুয়ারি দুপুর বেলায় কৈলাসহরের গৌরনগর ব্লকের সম্মুখে দুই দিনমজুর পরিবারের তিনটি বাড়ি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিলো। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন কিনা কিংবা কেউ আগুন লাগিয়ে দিয়েছে কিনা তা এখনও কেউ নিশ্চিত নয়।

তবে, এই আগুনে দিনমজুর দুলাল বাউরি এবং মঙ্গলা বাউরির তিনটি বাড়ি ঘর পুরোপুরি ছাই হয়ে যায় এবং ঘরের কিছুই রক্ষা করতে পারেনি। দুই পরিবারে দুইজন শিশু এবং চারজন স্কুল ছাত্র সহ মোট বারোজন সদস্য রয়েছে। আগুনে বাড়িঘর ছাই হয়ে যাবার পর স্থানীয় আফতাব আলীর অস্থায়ী বাড়িতে দুই পরিবারের বারোজন সদস্যরা থাকছেন। তেরো ফেব্রুয়ারি অগ্নি সংযোগের ঘটনার পর আজ অব্দি শুধুমাত্র প্রশাসনের আধিকারিকদের মৌখিক আশ্বাস ছাড়া সরকারি ভাবে এখনও অব্দি কোনো ধরনের সাহায্য সহযোগিতা পায়নি।

অবশেষে আঠারো ফেব্রুয়ারি বুধবার দুপুরে গৌরনগর SHG ভিলেজ ফেডারেশনের সদস্যদের মধ্যে এক প্রতিনিধি দল দুই দিনমজুর পরিবারের খোঁজ খবর নিতে ঘটনাস্থলে যান। এই প্রতিনিধি দলে ছিলেন ফেডারেশনের সভাপতি নমিতা দেবনাথ, সম্পাদক উমা দেবনাথ, কোষাধ্যক্ষ নাজমা বেগম সহ আরও অন্যান্য সদস্যরা। ফেডারেশনের পক্ষ থেকে দিনমজুর দুলাল বাউরি এবং মঙ্গলা বাউরির হাতে নগদ টাকা তোলে দেওয়া হয়েছে।

এব্যাপারে ফেডারেশনের সভাপতি নমিতা দেবনাথ জানান যে, দুলাল বাউরি এবং মঙ্গলা বাউরি দুজনেই দিনমজুর। তাদেরকে শুধুমাত্র গরীব বললে ভুল হবে, এরা অতি গরীব। আর,এই অগ্নিকাণ্ডের ফলে একশো ভাগ নিঃস্ব হয়ে গেছে এরা। তাদেরকে সাহায্য সহযোগিতা করতে সমাজের সকল অংশের মানুষদের এগিয়ে আসার জন্য আহবান রাখেন। তবে, স্থানীয় গৌরনগর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ আজ অব্দি এই দুই দিনমজুর পরিবারের সাহায্যে এগিয়ে না আসায় পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment