সিপাহীজলা জেলায় সীমান্ত গ্রাম, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, সীমান্ত সড়ক পরিদর্শনে রাজ্যপাল

অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর, ২০২৫: রাজ্যপাল ইন্দুসেনা রেড্ডি নান্নু আজ সিপাহীজলা জেলার বিভিন্ন সীমান্ত গ্রাম, এডিসি ভিলেজ, বি.এস.এফ, আউট পোস্ট এবং বর্ডার রোড পরিদর্শন করেন। রাজ্যপাল প্রথমে দয়াল পাড়া এডিসি ভিলেজ পরিদর্শন করেন। তিনি জলজলাইয়া এস.বি. স্কুল মাঠে গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় করেন।

রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি রূপায়ণের বিষয়েও তিনি খোঁজখবর নেন। এরপর তিনি কুলুবাড়ি পূর্ব পাড়া জে.বি. স্কুল পরিদর্শন করেন। বক্সনগর আউট পোস্টও পরিদর্শন করেন তিনি। সেখানে রাজ্যপালকে স্বাগত জানান বিএসএফ-এর ৪৯ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডেন্ট অজিত কুমার। সীমান্ত নিরাপত্তা বিষয়ে তিনি রাজ্যপালকে বিস্তারিত অবহিত করেন।

বক্সনগর বি.ও.পি. পরিদর্শনের পর রাজ্যপাল বর্ডার রোড হয়ে কলসীমুড়া গ্রাম পঞ্চায়েতের সীমান্তে কাঁটাতারের বেড়ার ১৮৫ নম্বর গেট পরিদর্শন করেন এবং গ্রামবাসীর কাছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের বিষয়ে খোঁজখবর নেন। এরপর রাজ্যপাল সীমান্ত সড়ক সংলগ্ন কমলনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন।

স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে তিনি কথা বলেন এবং স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের পর রাজ্যপাল মহিলা স্বসহায়ক দল পরিচালিত বসুন্ধরা বহুমুখী সমবায় সমিতি পরিদর্শন করেন। সমবায় সমিতির সভাপতি মুক্তা নাহার সমবায় সমিতির উৎপাদিত পণ্য এবং কাজকর্ম বিষয়ে রাজ্যপালকে অবহিত করেন।

এরপর রাজ্যপাল সীমান্ত সড়ক হয়ে কাঁটাতারের বেড়ার জি.২৯ থেকে জি.৩২ গেট পর্যন্ত জায়গা পরিদর্শন করেন। সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকগণ এই এলাকায় সীমান্ত নিরাপত্তার বিষয়ে বিস্তারিত তথ্য রাজ্যপালের সামনে তুলে ধরেন। তিনি এন.সি.নগর বর্ডার আউট পোস্টও পরিদর্শন করেন।

সেখানে রাজ্যপালকে স্বাগত জানান বিএসএফ-এর ডিআইজি, ভি.কে. কাসনা এবং বি.এস.এফ. ৮১ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডেন্ট রাকেশ সিনহা। সিপাহীজলা সফরে বিভিন্ন জায়গায় গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময়ের সময় রাজ্যপাল বলেন, সীমান্ত এলাকায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণে কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই তিনি সিপাহীজলা সফরে এসেছেন।

তিনি বলেন, কৃষি ও উদ্যান পালনের মাধ্যমে জীবন জীবিকার উন্নতি, বিদ্যুৎ, সড়ক যোগাযোগ সহ বিভিন্ন পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার কাজ করছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্য বীমার সুযোগ গ্রহণ করতে সব বাচ্চাদের পড়াশুনার জন্য স্কুলে পাঠাতে, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশ নিতে তিনি গ্রামবাসীদের উৎসাহিত করেন।

সিপাহীজলার বিভিন্ন জায়গা পরিদর্শনের সময় রাজ্যপালের সঙ্গে ছিলেন বিধায়ক তফাজ্জল হোসেন, জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, সোনামুড়া মহকুমার মহকুমা শাসক এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ। লোক ভবন থেকে এ সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment