ভারতবর্ষকে ব্রিটিশ শাসনের গ্লানি মুক্ত করতে স্বাধীনতা সংগ্রামীরা বন্দে মাতরম গান তাদের মূলমন্ত্র হিসেবে ব্যবহার করেছেন: পর্যটনমন্ত্রী

অনলাইন ডেস্ক, ০৮ নভেম্বর, ২০২৫: ভারতবর্ষকে ব্রিটিশ শাসনের গ্লানি মুক্ত করতে স্বাধীনতা সংগ্রামীরা বন্দে মাতরম গানকে তাদের মূলমন্ত্র হিসেবে ব্যবহার করেছেন। ভারতবর্ষের বহু স্বাধীনতা সংগ্রামী মৃত্যুর আগে পর্যন্ত বন্দেমাতরম স্লোগান দিয়ে হাসতে হাসতে দেশের জন্য মৃত্যুবরণ করেছেন। এইখানেই বন্দেমাতরম গানের তাৎপর্য। আজ বিশ্রামগঞ্জস্থিত শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে সিপাহীজলা জেলা ভিত্তিক বন্দে মাতরম গানের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।

সিপাহীজলা জেলা প্রশাসন ও জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অন্তরা দেব সরকার, সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সোয়াল, জেলার অতিরিক্ত জেলাশাসক উপেন্দ্র জমাতিয়া। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিবৃন্দ ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর ১৫০ জন ছাত্রছাত্রী সমবেতভাবে বন্দেমাতরম পরিবেশন করে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আমাদের দেশ ভারতবর্ষ বিভিন্ন সময় বিভিন্নভাবে বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয়েছে। ভারতবর্ষের সম্পদকে লুট করে নিয়ে গিয়ে বহু দেশ, বহু সভ্যতা নিজেদের স্বাবলম্বী করেছে।

আমাদের দেশমাতৃকা বার বার আক্রান্ত হয়েছে। ভারতবাসী তাদের দ্বারা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে। পরিশেষে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ব্যবসার নামে ভারতবর্ষে এসে প্রায় দুইশ বছর ভারতবর্ষকে এবং ভারতবাসীকে যথেচ্ছভাবে শোষণ করেছে। এই পরাধীনতার গ্লানি থেকে ভারত মাতাকে উদ্ধারের জন্য বহু দেশপ্রেমী বন্দেমাতরম মন্ত্রে দীক্ষিত হয়ে দেশের জন্য প্রাণ বলিদান দিয়েছেন। এরপর উপস্থিত অতিথিবৃন্দ এবং সকল ছাত্র-ছাত্রীরা দিল্লিতে এই উপলক্ষ্যে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের সরাসরি সম্প্রচার দেখেন। এরপর অতিথিবৃন্দ অনুষ্ঠান স্থলে আয়োজিত প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সোয়াল।

Leave a Comment