অনলাইন ডেস্ক, ১৯ আগস্ট ২০২৫: মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী গতকাল ধর্মনগরে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে ধর্মনগরের রাজবাড়িস্থিত মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রাণী দাস সেন।
গতকাল সন্ধ্যায় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সুদূর প্রসারি চিন্তাধারার ফলেই ত্রিপুরা আজ সামনের দিকে এগিয়ে গেছে।
শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজার অসামান্য অবদান রয়েছে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জেলার তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা রিপন চাকমা, জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের ওএসডি সমীর রঞ্জন নাথ, জেলাভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য সমর চক্রবর্তী, সমাজসেবী শ্যামল নাথ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।








