অনলাইন ডেস্ক, ২ জুলাই ২০২৫। উওরের বাগবাসায় বন দপ্তরের অভিযান। বেআইনি আইনি কাঠ পাচার রুখে সাফল্য। উত্তর জেলার বাগবাসা বিধানসভা এলাকায়।
সোমবার ভোররাতে উত্তর হুরুয়া এলাকায় চমকপ্রদ অভিযান চালিয়ে চেরাই করা বিপুল পরিমাণ সেগুন কাঠ সহ একটি বোলেরো গাড়ি আটক করলেন বন দপ্তরের কর্মীরা।
অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর মহকুমার বন দপ্তরের আধিকারিক অশোক কুমার, রেঞ্জার সুপ্রিয় দেবনাথ, চুরাইবাড়ি ফরেস্ট বিট ইনচার্জ আশুতোষ মালাকার ও লালছড়া ফরেস্ট বিট ইনচার্জ অভিজিৎ দাস।
এই সংঘবদ্ধ তৎপরতায় যুক্ত ছিলেন আরও বেশ কয়েকজন বনকর্মী।অশোক কুমার জানান,গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভোর ৪টা থেকেই তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উৎপেতে থাকেন।
গোপন তথ্য অনুযায়ী,TR02L1557 নম্বরযুক্ত একটি বোলেরো গাড়িতে করে কাঠ পাচার করা হচ্ছিল। সকাল সাড়ে ৫টা নাগাদ কালাছড়া ব্লক রোড সংলগ্ন এলাকায় কাঠ বোঝাই গাড়িটিকে লক্ষ্য করেন বনকর্মীরা।
তাঁরা সিগনাল দিলে গাড়িচালক পালানোর চেষ্টা করে এবং দ্রুতগতিতে একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। তৎক্ষণাৎ চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে উদ্ধার হয় প্রায় ৭০টি বিভিন্ন মাপের চেরাই সেগুন কাঠ। বাজারমূল্য আনুমানিক এক লক্ষ টাকা।
বন দপ্তরের প্রাথমিক অনুমান, কাঠগুলো কোনও সংরক্ষিত বনাঞ্চল থেকে বেআইনিভাবে কেটে মজুদ করা হয়েছিল এবং তা অসমে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
বর্তমানে গাড়িটি বন দপ্তরের জেলা কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং বন সংরক্ষণ আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি,তবে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।
বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে এই ধরনের বেআইনি কাঠ পাচার রুখতে অভিযান আরও তীব্র ও কঠোর করা হবে। পরিবেশ রক্ষায় বন দপ্তরের এই সক্রিয় ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়।








