দারচে খ্রীষ্টান দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রক্তদান শিবির

অনলাইন ডেস্ক, ৪ জুন, ২০২৫: মুমূর্ষ রোগীর সেবায় দারচৈ খ্রীষ্টান দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিলনায়তনে আজ এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ডার্নং জোনাথ্রাক ইনপুই, কুমারঘাট মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয় এবং কুমারঘাট মহকুমা হাসপাতালের যৌথ উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, রক্তদানের মতো মহৎ দান আর কিছুই হতে পারে না।

মুমূর্ষ রোগীর রক্তের চাহিদা একমাত্র মানুষের দানের মাধ্যমেই পূরণ করা সম্ভব। তাই এই জাতীয় অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। শুধু একটি অনুষ্ঠান কেন্দ্রিক রক্তদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতি, জনজাতি সহ সকলকে ধারাবাহিকভাবে রক্তদানে এগিয়ে আসতেও তিনি আহ্বান জানান।

তিনি আশা ব্যক্ত করেন, আজকের স্বেচ্ছা রক্তদান শিবির থেকে নতুন প্রজন্মের জনজাতি অংশের যুবকরা রক্তদানে আরও বেশি উদ্বুদ্ধ হবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত কুমারঘাট মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা. বিজয়াদিত্য দত্ত বলেন, চাহিদার ৫০-৬০ শতাংশ যোগান স্বেচ্ছা রক্তদান থেকে আসে।

এই হার আরও বাড়াতে হবে। এছাড়া বক্তব্য রাখেন বরিষ্ঠ তথ্য আধিকারিক শুভাশীষ সেনগুপ্ত, অবসরপ্রাপ্ত শিক্ষক বিকাশেন্দু দেব। স্বাগত বক্তব্য রাখেন ডার্লং জোনাথলাক ইনপুই’র সম্পাদক থানডিয়ানা ডার্লং। সভাপতিত্ব করেন ডার্লং জোনাথ্রাক ইনপুই’র সভাপতি গ্লামুয়ানা ডার্লং। শিবিরে মোট ৩৬ জন স্বেচ্ছায় রক্তদান করে। এরমধ্যে মহিলা রক্তদাতা ছিলেন ৯ জন।

Leave a Comment