অনলাইন ডেস্ক, ২৯ এপ্রিল, ২০২৫: পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাগৃহে আজ জিলা পরিষদের কর্মবিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। স্থায়ী কমিটির সভাপতি উত্তম দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, কমিটির সদস্য-সদস্যাগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।
সভায় পূর্ত দপ্তরের জিরানীয়া অফিসের প্রতিনিধি জানান, ২০২৪-২৫ অর্থবছরে জিরানীয়া ও খয়েরপুর পূর্ত বিভাগের অন্তর্গত ৬৪.৯০০ কিলোমিটার রাস্তার উন্নয়ন করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০.২৯১ কিলোমিটার রাস্তার সংস্কার করা হয়েছে।
এছাড়া বর্তমানে আরও ৭.৭২৫ কিলোমিটার রাস্তার উন্নয়নের কাজ চলছে। বিদ্যুৎনিগমের প্রতিনিধি সভায় জানান, পুরাতন আগরতলা ব্লকের পূর্ব চাম্পামুড়ার ঈশ্বরচন্দ্র পল্লীতে ২০টি ভূমিহীন পরিবারে বিদ্যুৎ সরবরাহের জন্য ৬টি বৈদ্যুতিক খুটি বসানো হয়েছে।
বর্তমানে পরিবারগুলিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে। ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিনিধিকে পূর্ববর্তী বিভিন্ন অসমাপ্ত কাজগুলি দ্রুত শেষ করার নির্দেশ দেন।







