বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি সৌরবিদ্যুৎ প্রকৃতির ভারসাম্যও বজায় রাখে: বিদ্যুৎ মন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৮ এপ্রিল, ২০২৫: সৌরশক্তির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ একদিকে যেমন বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম হয় তেমনি অন্যদিকে প্রকৃতির ভারসাম্যও বজায় রাখে। কেন্দ্র ও রাজ্যের বর্তমান সরকার তাই সৌরশক্তির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছে।

আজ মোহনপুর ব্লকের রাঙ্গাছড়া গ্রামপঞ্চায়েতের অন্তর্গত দেবীপুর অঙ্গনওয়াড়ি মাঠে সোলার হোম লাইটিং সিস্টেম বিতরণ অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী রনতলাল নাথ একথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেন, রাঙ্গাছড়া গ্রামপঞ্চায়েতটি সোলার গ্রাম হিসেবে চিহ্নিত হয়েছে। এখানে ৭২৯টি পরিবার রয়েছে। প্রতিটি পরিবারের সৌরশক্তির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ২টি টিউব লাইট জ্বালানো ও মোবাইল চার্জের ব্যবস্থা রয়েছে।

আগামী দিনগুলিতে এই গ্রামের মানুষ সৌরশক্তির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে অনেক সমস্যার সমাধান করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিদ্যুৎ মন্ত্রী বলেন, পিএম সূর্যঘরের মাধ্যমে বাড়ির ছাদে সোলার লাগিয়ে আজীবন বিদ্যুতের সুবিধা ভোগ করা যাবে।

তিনি বলেন, ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে যারা এই পিএম সূর্যঘরের সুবিধা নিতে চাইবে তাদের ভর্তুকী দেওয়া হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, মোহনপুর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান রিণা দেববর্মা, রাঙ্গাছাড়া পঞ্চায়েতের প্রধান বৈজয়ন্তী দেববর্মা, মোহনপুরের বিডিও ধৃতিশেখর রায় প্রমুখ।

Leave a Comment