প্রগতি ত্রিপুর, ১৫ অক্টোবর, ২০২৬: বিশালগড় বাজার এলাকার একটি সেতুর নিচ থেকে সুজন পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে বাজারের ব্যবসায়ীরা দোকান খুলতে এসে সেতুর নিচে মশারির ভেতরে এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় কাছে গিয়ে পরীক্ষা করতেই বিষয়টি সামনে আসে।
ঘটনার পরপরই বিশালগড় থানায় খবর দেন ব্যবসায়ীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, মৃত ব্যক্তির নাম সুজন পাল। তিনি দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ঘোরাফেরা করতেন বলে জানা গিয়েছে।
তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।








