সার্বজনীন রাস্তা খোলা থাকবে, বেড়া দেওয়ার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: মহকুমা শাসক

প্রগতি ত্রিপুরা, ১৩ অক্টোবর, ২০২৬: দক্ষিণ ঘিলাতলীর ছনখলা এলাকায় সরকারি রাস্তা ও জমি সংক্রান্ত বিরোধ মেটাতে প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সীমানা নির্ধারণের (ডিমার্কেশন) কাজ শুরু হলেও শেষ পর্যন্ত তা মাঝপথেই স্থগিত রাখতে হয়। দ্বিতীয় পক্ষ টিআরপিসি চেয়ারপার্সন পাতাল কন্যা জমাতিয়া নির্ধারিত সময়ে ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা নাগাদ সংশ্লিষ্ট এলাকায় জমির সীমানা নির্ধারণের কাজ শুরু করেন প্রশাসনিক আধিকারিকরা। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও পাতাল কন্যা জমাতিয়া ঘটনাস্থলে উপস্থিত হননি। তেলিয়ামুড়া মহকুমা শাসক জানান, লিখিত নোটিশ দেওয়ার পাশাপাশি ফোনের মাধ্যমেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তা সত্ত্বেও তাঁর উপস্থিতি না মেলায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষা করার পর জমি পরিমাপের কাজ স্থগিত রাখতে হয়।

এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মহকুমা শাসক। জমি ও রাস্তা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তিতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

তবে সাধারণ মানুষের যাতায়াতের অধিকার নিয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মহকুমা শাসক। তিনি জানান, সংশ্লিষ্ট সার্বজনীন রাস্তা সর্বদা সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। কোনওভাবেই রাস্তা বন্ধ বা অবরুদ্ধ করা যাবে না। ভবিষ্যতে কেউ পুনরায় রাস্তার উপর বেড়া দেওয়ার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের এই অবস্থানের পর দক্ষিণ ঘিলাতলীর ছনখলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে স্থানীয় বাসিন্দাদের।

Leave a Comment