তেলিয়ামুড়ায় উৎসবের আবহে ভিলেজ কাউন্সিলের ভোট, সকাল থেকেই বুথে দীর্ঘ লাইন

প্রগতি ত্রিপুরা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬: প্রায় এক দশকের অপেক্ষার অবসান। সোমবার সকাল ৭টা থেকে ত্রিপুরার টিটিএএডিসি এলাকায় শুরু হয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। ভোটগ্রহণ শুরু হতেই তেলিয়ামুড়া আরডি ব্লকের বিভিন্ন পোলিং স্টেশনে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুথমুখী মানুষের সংখ্যাও বাড়তে থাকে।

তেলিয়ামুড়া আরডি ব্লকের তারা চান রূপিনী এস.বি. স্কুল, হদ্রাই রাধামাধব হাই স্কুল, দুখাই জমাদারপাড়া স্কুল-সহ একাধিক ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নারী-পুরুষ নির্বিশেষে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায় ভোটারদের।

দীর্ঘ প্রায় ১০ বছর পর ভিলেজ কাউন্সিল নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে উৎসবের আবহ। ভোটারদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। অনেকের কাছেই এই নির্বাচন নিজেদের এলাকার স্থানীয় প্রতিনিধি বেছে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ফলে সকাল থেকেই বুথমুখী মানুষের ভিড়ে তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় দেখা যায় উৎসবের আমেজ।

অন্যদিকে, মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজ কাউন্সিল এলাকাতেও সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন পোলিং স্টেশনে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনিক আধিকারিক ও নিরাপত্তাকর্মীদের বিভিন্ন বুথে পরিস্থিতির উপর নজর রাখতে দেখা যায়।

এখনও পর্যন্ত তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামি এলাকায় ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ রয়েছে বলে জানা গেছে। দীর্ঘ অপেক্ষার পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এ দিনের ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে আগ্রহ ও উৎসাহের চিত্র তুলে ধরেছে।

Leave a Comment