যাত্রাপুর থানাধীন ভবানীপুর গ্রামে সর্পদংশনে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু!

প্রগতি ত্রিপুরা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬: সর্পদংশনে মৃত্যু হল চতুর্থ শ্রেণির পড়ুয়া এক শিশুকন্যার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন ভবানীপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে। মৃত শিশুকন্যার নাম আমেনা খাতুন। সে ওই এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের কথামতো নিজ বাড়ির গবাদি পশুর ঘর থেকে গবাদি পশুর বাঁধন খুলতে যায় আমেনা। সেই সময় আচমকাই একটি বিষধর সাপ তার পায়ে দংশন করে। সামান্য ব্যথা অনুভূত হওয়ায় বিষয়টি সঙ্গে সঙ্গে মাকে জানায় শিশুকন্যাটি।

এরপর পরিবারের সদস্যরা দ্রুত গবাদি পশুর ঘরে ছুটে গেলে সেখানে একটি বিষধর সাপ দেখতে পান। দেরি না করে আমেনাকে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মেলাঘরস্থিত সোনামুড়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আমেনাকে মৃত বলে ঘোষণা করেন।

শিশুকন্যার মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা-বাবা ও আত্মীয়-স্বজনরা। চতুর্থ শ্রেণির পড়ুয়া আমেনার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Leave a Comment