প্রগতি ত্রিপুরা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬: কিছুদিন পরপর রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন এলাকায় ছিনতাই এর ঘটনা বৃদ্ধি পেয়েছে, আর পুলিশের তৎপরতায় বেশিরভাগ ঘটনার ছিনতাইকারীদের জালে তোলা সহ ছিনতাই হয়ে যাওয়ার স্বর্ণালংকার উদ্ধার করছে। পুলিশের এই ধরপাকরের পরেও ছিনতাইকারীরা একের পর এক ছিনতাই এর ঘটনা অব্যাহত রেখেছে।
রাজধানীর আগরতলা শহর সংলগ্ন শ্রীনগর থানার অন্তর্গত যুগল কিশোর নগর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে এক ছিনতাই এর ঘটনা ঘটেছে। জানা গেছে ঐদিন যুগল কিশোর নগর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকার সুব্রত দেববর্মার স্ত্রী সুভদ্রা দেববর্মা তাদের বাড়ির সংলগ্ন পাকা রাস্তা দিয়ে রেগার কাজে যাচ্ছিল, স্থানীয় গ্রাম পঞ্চায়েত পেরিয়ে একটু সামনে যেতেই সুভদ্রা দেববর্মার গলা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন পেছন দিক থেকে একটি বাইক চেপে ছিনতাইকারীরা এসে ছিনতাই করে নিয়ে যায়।
বাইকে থাকা দুই ছিনতাইকারীদের মধ্যে একজনের মাথায় হেলমেট লাগানো ছিল। সুভদ্রা দেববর্মা কোন কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা ওনার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে বাইক নিয়ে দ্রুত বেগে পালিয়ে যায়। পরের সুভদ্রা দেববর্মার চিৎকারে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের গতিরোধ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
এলাকাবাসীদের তরফ থেকে খবর দেওয়া হয় শ্রীনগর থানায়। খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থলের দ্রুত ছুটে এসে ঘটনাস্থল পর্যবেক্ষণ সহ যুগল কিশোর নগর গ্রাম পঞ্চায়েতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ছিনতাইকারীদের গতিবিধি লক্ষ্য করে। বৃহস্পতিবার থেকেই শ্রীনগর থানার পুলিশ ছিনতাইকারীদের জালে তুলতে জোর তদন্ত শুরু করেছে।
শুক্রবার দুপুরে ও সুভদ্রা দেববর্মা এবং উনার স্বামী সুব্রত দেববর্মা শ্রীনগর থানায় গিয়ে দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার সহ ছিনতাই হয়ে যাওয়া সোনার চেইন উদ্ধারের জন্য পুলিশকে অনুরোধ জানায়। শুক্রবার দুপুরে সুভদ্রা দেববর্মার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে গোটা চিনতাই এর ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরতে গিয়ে বলেছেন উনার স্বামী একজন দিনমজুর, অত্যন্ত পরিশ্রম করে মানুষের বাড়িতে কাজ করে এই সোনার চেইনটি বানিয়েছিলেন।
তিনি আরো জানিয়েছেন এই ধরনের ছিনতাই এর ঘটনা এর আগে এই এলাকায় হয়নি। তাই তিনি পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন পুলিশ যেন দ্রুত তদন্ত অনুসারে ছিনতাইকারীদের গ্রেফতার করে উনার সোনার চেনটি উদ্ধার করার ব্যবস্থা করে।








