টিপ্রাল্যান্ড ও ভূমি অধিকার নিশ্চিতকরণে ত্রিপাক্ষিক চুক্তি ও আসন সমঝোতা নিয়ে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক

প্রগতি ত্রিপুরা, ০৬ সেপ্টেম্বর, ২০২৬: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (TTAADC) এলাকার জনজাতিদের দীর্ঘদিনের দাবি, বিশেষ করে ঐতিহাসিক ভূমি অধিকার (Land Rights) পুনঃপ্রতিষ্ঠা ও ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বিমানবন্দর চত্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপাক্ষিক চুক্তি এবং জোট এবং আসন সমঝোতা নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে তাঁদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়েছে।

সংবাদ সংস্থাকে দেওয়া এক বক্তব্যে বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান, জনজাতিদের খাস জমি বণ্টন, জমি রেজিস্ট্রি এবং ভূমি সংক্রান্ত আইনি অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় খসড়া (Draft) সংশোধনের প্রক্রিয়া চলছে। আগামী ১৫ দিনের মধ্যেই এই খসড়া চূড়ান্ত করে বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল খুব শীঘ্রই ত্রিপুরা সফর করে সিভিল সোসাইটি ও স্থানীয় সংস্থাগুলির সঙ্গে সরাসরি আলোচনায় বসবে।

অন্যদিকে, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে জোটের আসন সমঝোতা নিয়েও আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আজ বিকেলে ভারতীয় জনতা পার্টি (BJP) এবং টিপ্রা মোথার (TIPRA Motha) শীর্ষ নেতৃত্বের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। টিপ্রা মোথার পক্ষে অনিমেষ দেববর্মা, রঞ্জিত দেববর্মা এবং পূর্ণচন্দ্র জামাতিয়ার উপস্থিতিতে এবং বিজেপির পক্ষ থেকে কৃষিমন্ত্রী রতন লাল নাথ ও তাঁদের দলীয় প্রতিনিধিদের মধ্যে আসন বিন্যাস সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে তিনি স্পষ্ট জানান, মনোনয়ন জমা দেওয়ার অর্থই চূড়ান্ত নয়, প্রত্যাহারের সময়সীমা রয়েছে। কোথায় কার প্রভাব বেশি, সেই এলাকাভিত্তিক বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করেই চূড়ান্ত আসন বণ্টন এবং প্রার্থীর সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, জনজাতিদের সংবিধানসম্মত অধিকার প্রতিষ্ঠার এই কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই সফলভাবে সম্পন্ন হবে।

Leave a Comment