প্রগতি ত্রিপুরা, ০৬ সেপ্টেম্বর, ২০২৬: সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছায় রক্তদানের মানবিক বার্তা দিতে এগিয়ে এলেন সরকারি কর্মচারী ও কর্মরত-অবসরপ্রাপ্ত কর্মীবৃন্দ। সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডুকলীর ৫১ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে আয়োজিত হলো এক রক্তদান শিবির। এই শিবিরে প্রায় ৭০ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল। উপস্থিত ছিলেন ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত চন্দ্র ভৌমিক, সরকারি কর্মচারী কমিটির সভাপতি রূপক কুমার দত্ত-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী ভাষণে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্তদানের অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরেন। বক্তব্যের মাঝেই তিনি বিরোধী সিপিএম দলের বিভিন্ন রাজনৈতিক প্রচার ও কর্মসূচির কড়া সমালোচনা করেন।
কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এই ধরণের জনকল্যাণমুখী ও সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথি ও সচেতন নাগরিক সমাজ।








