প্রগতি ত্রিপুরা, ০৫ সেপ্টেম্বর, ২০২৬: চরিলাম টেবিল টেনিস হলে অসাধু চক্র ও নেশাগ্রস্ত দুষ্কৃতীদের তাণ্ডব চরম আকার ধারণ করেছে। গত ৪০ দিনের মধ্যে অন্তত তিনবার এই প্রশিক্ষণ কেন্দ্রে চুরির ঘটনা ঘটলো। টেবিল টেনিস খেলার গুরুত্বপূর্ণ ও দামী সরঞ্জামাদি চুরি হয়ে যাওয়ায় বাধ্য হয়ে প্রশিক্ষণ বন্ধ করে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে উদীয়মান জাতীয় স্তরের খেলোয়াড়দের।
প্রশিক্ষক জানান, শনিবার সকালে কচিকাঁচা খেলোয়াড়দের অনুশীলন করাতে এসে দেখা যায়, হল ঘর থেকে বাকি থাকা সমস্ত খেলার সরঞ্জাম ও মূল্যবান সামগ্রী গায়েব হয়ে গেছে। অথচ আগামী ৭ সেপ্টেম্বর রাজ্যভিত্তিক টেবিল টেনিস বাছাই পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা থেকে জাতীয় প্রতিযোগিতার দল নির্বাচিত হবে। এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার মুখে খেলোয়াড়দের খেলার সমস্ত উপকরণ চুরি হয়ে যাওয়ায় প্রস্তুতি একপ্রকার থমকে গেছে।
স্থানীয় সূত্রে অভিযোগ, এলাকায় কিছু অসাধু ও নেশাগ্রস্ত যুবকের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। তারাই পরিকল্পিতভাবে বারবার এই ক্রীড়া কেন্দ্রে হানা দিচ্ছে। টানা চুরির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে কোচ জানান, বিগত তিন বছর ধরে এই কেন্দ্র থেকে জাতীয় স্তরে খেলোয়াড়রা প্রতিনিধিত্ব করছে। কিন্তু নিরাপত্তাহীনতা ও বারবার সরঞ্জাম চুরির ফলে খেলোয়াড়দের মনোবল ভেঙে পড়ছে। প্রশাসন ও পুলিশের কাছে এই বিষয়ে দ্রুত কঠোর পদক্ষেপ ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। অন্যথায় এলাকার একমাত্র ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।








