প্রগতি ত্রিপুরা,১৭ আগস্ট, ২০২৬: শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও অধিকার রক্ষার দাবিতে সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে গোমতী জেলার উদয়পুরে অনুষ্ঠিত হলো বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন প্রদান। শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এদিন সংগঠনের পক্ষ থেকে এক বিশাল র্যালি বের করা হয়। এদিন উদয়পুরের ব্রম্মাবাড়ী এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বে র্যালি শুরু হয়।
হাতে বিভিন্ন দাবিসম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শ্রমিকরা অংশ নেন এই মিছিলে। র্যালিটি ব্রম্মাবাড়ী থেকে বের হয়ে পশু হাসপাতাল সড়ক, বনদপ্তর সড়ক হয়ে গোমতী জেলা শাসকের কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। সেখানে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গোমতী জেলার জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে দাবিপত্র প্রদান করেন।
এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন BMS-এর প্রদেশ সভানেত্রী দেবশ্রী কলই, গোমতী জেলা সভাপতি দ্বিগবিজয় ভাওয়াল, প্রদেশ কমিটির সদস্য পর্যাবরণ গৌতম দাস, ত্রিপুরা রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের সাধারণ সম্পাদিকা মীনা দেবনাথ এবং BMS গোমতী জেলার সহকারী সম্পাদক প্রদীপ মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা।
ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে BMS-এর প্রদেশ সভানেত্রী দেবশ্রী কলই জানান, শ্রমিকদের স্বার্থে মোট ১৮ দফা দাবি নিয়ে এদিন জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দাবিপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে ত্রিপুরা রাজ্যের জন্য রয়েছে সাতটি বিশেষ দাবি। তিনি জানান, দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন, ত্রিপুরার সমস্ত স্কিম কর্মীদের প্রতিবছর পূজা উৎসবে বোনাস প্রদান, রাজ্যে স্বতন্ত্র পরিবহন শ্রমিক কল্যাণ বোর্ড গঠন সহ শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন দাবি।
এদিনের কর্মসূচিতে গোমতী জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবির সমর্থনে উদয়পুরে ভারতীয় মজদুর সংঘের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।








