আগরতলা পুর নিগম ২০২৬-২৭ অর্থবর্ষের প্রস্তাবিত বাজেট পেশ

প্রগতি ত্রিপুরা, ০১ মে, ২০২৬: সোমবার আগরতলা পুর নিগম ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৯৭৫ কোটি ৯১ লক্ষ ২ হাজার টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে এই বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন। ২০২৬-২৭ অর্থবর্ষে প্রস্তাবিত বাজেট অনুযায়ী রাজস্ব প্রাপ্তি ধরা হয়েছে ১৬৯ কোটি ৯২ লক্ষ ২৫ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৪৯ কোটি ৪৫ লক্ষ ৫৯ হাজার টাকা।

এর ফলে ২০ কোটি ৪৬ লক্ষ ৬৬ হাজার টাকার রাজস্ব উদ্‌বৃত্ত অর্জনের সম্ভাবনা রয়েছে বলে নিগমের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে। তিনি জানান, শহরের সার্বিক উন্নয়ন এবং আধুনিক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে বাজেটে ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে, মূলধনী প্রাপ্তির পরিমাণ ধরা হয়েছে ৮০৫ কোটি ১ লক্ষ ১০ হাজার টাকা এবং মূলধনী ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৩৬ কোটি ৪৫ লক্ষ ৪৩ হাজার টাকা। এই খাতে ব্যয়ের পরিমাণ বেশি হওয়ায় মোট বাজেটে ঘাটতি দেখা দিয়েছে।

সার্বিকভাবে প্রস্তাবিত বাজেটে মোট প্রাপ্তির পরিমাণ ৯৭৪ কোটি ৯২ লক্ষ ৩৫ হাজার টাকা এবং মোট ব্যয়ের পরিমাণ ৯৭৫ কোটি ৯১ লক্ষ ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ লক্ষ ৬৭ হাজার টাকা। মেয়র বলেন, শহরের সড়ক, নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক আলোকসজ্জা এবং অন্যান্য নাগরিক পরিষেবার উন্নয়নে আগামী অর্থবর্ষে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করা হবে। এছাড়াও বিভিন্ন চলমান ও নতুন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

তিনি আরও জানান, অর্থের নতুন উৎস সৃষ্টির লক্ষ্যে আগরতলা পুর নিগম প্রথমবারের মতো মিউনিসিপাল বন্ড চালুর উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পের জন্য অর্থ সংগ্রহের নতুন পথ খুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় অর্থায়নের সুযোগও কাজে লাগানো হবে।

Leave a Comment