আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, সচেতনতাই থ্যালাসেমিয়া রোগের একমাত্র ওষুধ

অনলাইন ডেস্ক, ৮ মে, ২০২৬: আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এই বছর বিশ্বব্যাপী দিবসটির মূল থিম হলো-‘Hidden No More – Finding the Undiagnosed. Supporting the Unseen.’ অর্থাৎ আর আড়ালে নয়- অজ্ঞাতদের সন্ধান এবং উপেক্ষিতদের পাশে দাঁড়ানো। থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তজনিত ব্যাধি, যেখানে শরীরে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন তৈরি হয় না। এর ফলে রোগীকে সারা জীবন রক্ত সঞ্চালনের ওপর নির্ভর করতে হয়। সঠিক সময়ে রোগ নির্ণয় এবং স্ক্রিনিং-এর মাধ্যমেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব। এ বছরের বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের অন্যতম প্রধান লক্ষ্য হলো সেই সব ‘সুপ্ত’ বাহকদের খুঁজে বের করা, যারা অজান্তেই থ্যালাসেমিয়ার জিন বহন করছেন। পরিসংখ্যান বলছে, অনেক ক্ষেত্রে বাহকরা নিজেরাও জানেন না যে তাদের শরীরে এই রোগের জিন রয়েছে, কারণ তারা সুস্থ মানুষের মতোই জীবনযাপন করেন। কিন্তু যখন দুইজন বাহক বিবাহবন্ধনে আবদ্ধ হন, তখন তাদের সন্তানের থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মানোর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

রাজ্যের থ্যালাসেমিয়া রোগীদের জন্য জাতীয় স্বাস্থ্য মিশন এবং ব্লাড সেল ডিভিশন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে রাজ্যে মোট ৩৬৫ জন থ্যালাসেমিয়া রোগী সরকারি সহায়তায় উপকৃত হয়েছেন। তাদের জন্য বিনামূল্যে ২,৮৭৫ ইউনিট রক্ত এবং রক্তের উপাদান সরবরাহ করা হয়েছে। থ্যালাসেমিয়া রোগীদের আয়রন ওভারলোড কমানোর জন্য প্রয়োজনীয় ওষুধ রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ এবং জেলা ও মহকুমা হাসপাতালে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। আইজিএম হাসপাতালে স্থাপিত ইন্টিগ্রেটেড সেন্টার ফর হিমোগ্লোবিনোপ্যাথিস অ্যান্ড হিমোফিলিয়া সেন্টারে ২০২১ সাল থেকে নবজাতক শিশুদের স্ক্রিনিং শুরু হয়েছে। গত বছরেই ২ হাজার ৮৯৮ জন নবজাতকের স্ক্রিনিং সম্পন্ন হয়েছে। থ্যালাসেমিয়া ও অন্যান্য জটিল রোগ দ্রুত শনাক্ত করার উদ্দেশ্যে জাতীয় স্বাস্থ্য মিশন আইজিএম হাসপাতালে ‘ইন্টিগ্রেটেড সেন্টার ফর হিমোগ্লোবিনোপ্যাথিস অ্যান্ড হিমোফিলিয়াতে হাই-পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি মেশিন স্থাপন করা হয়েছে।

বিয়ের আগে এবং সন্তান নেওয়ার আগে এর স্ক্রিনিং করানোর প্রয়োজন। রক্ত সুরক্ষা নিশ্চিত করতে আইজিএম হাসপাতালে একটি পূর্ণ স্বয়ংক্রিয় ন্যাট (Nucleic Acid Testing) মেশিন স্থাপন করা হয়েছে, যা রক্ত সঞ্চালনের আগে রক্তদাতার রক্ত পরীক্ষা করে সংক্রমণের ঝুঁকি শূন্যে নামিয়ে আনে। রক্ত সংগ্রহ ও পরিবহনের জন্য পশ্চিম, গোমতী ও উত্তর ত্রিপুরা জেলাসহ তিনটি মোবাইল ব্লাড ভ্যান রয়েছে। থ্যালাসেমিয়া কোনো ছোঁয়াচে রোগ নয়, সচেতনতাই থ্যালাসেমিয়া রোগের একমাত্র ওষুধ। প্রকাশ করা হয়েছে। বরং এটি একটি বংশগত রোগ। এন.এইচ.এম. থেকে এই নিবন্ধটি প্রকাশ করা হয়েছে।

Leave a Comment