জুয়েলার্সে দুঃসাহসিক চুরি-! ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা!!মাথায় হাত মালিকের।

প্রগতি ত্রিপুরা, ১ এপ্রিল, ২০২৬: মঙ্গলবার গভীর রাতে চুরাইবাড়ি থানাধীন চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে।

ঘটনাটি ঘটে রেল তেমাথা সংলগ্ন স্বামী বিবেকানন্দ রোডে অবস্থিত সুমত দে-র মালিকানাধীন “সম্রাট জুয়েলার্স” দোকানে।দোকানের ম্যানেজার উত্তম কুমার ধর জানান, বুধবার সকাল প্রায় ৯টা নাগাদ তিনি দোকান খুলতে এসে দেখেন ভেতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে।

পরে খতিয়ে দেখা যায়, দুষ্কৃতীরা দোকান ঘরের উপরের টিনের ছাউনি কেটে ভিতরে প্রবেশ করে। তারা সোনা, রুপা ও বিভিন্ন মূল্যবান স্টোন মিলিয়ে প্রায় এক কোটি টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে বিষয়টি জানানো হয় চুরাইবাড়ি থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং অন্যান্য ঘটনার মতো এই ঘটনাটিও ডায়েরিভুক্ত করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমত দে-র ব্যবসায়ী প্রতিষ্ঠানে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, এলাকায় একই পদ্ধতিতে টিন কেটে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটলেও আজ পর্যন্ত কোনও ঘটনারই সুরাহা করতে পারেনি পুলিশ। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্রমশ ক্ষোভ বাড়ছে এবং পুলিশের রাতের টহলদারি নিয়েও উঠছে প্রশ্ন।

এদিকে এই ঘটনায় সম্রাট জুয়েলার্সের মালিক সুমত দে মানসিকভাবে ভেঙে পড়েছেন। কারণ, চুরি যাওয়া স্বর্ণালংকার ও রুপার একটি বড় অংশই সাধারণ মানুষের আমানত হিসেবে দোকানে রাখা ছিল।

সেগুলি কীভাবে ফেরত দেওয়া হবে, তা নিয়ে তিনি গভীর উদ্বেগে রয়েছেন।

এখন দেখার বিষয়, পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয় কি-না।

Leave a Comment