নির্বাচনী প্রচারে ধর্মনগরে মুখ্যমন্ত্রী,বৈঠক করেন দলীয় নেতাদের সাথে

অনলাইন ডেস্ক, ২২ মার্চ, ২০২৬: ধর্মনগর উপনির্বাচন ঘিরে তৎপরতা সাংগঠনিক বৈঠকে যোগ দিতে ধর্মনগরে মুখ্যমন্ত্রী।আসন্ন ধর্মনগর উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা ক্রমশ তীব্র হচ্ছে।নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে রবিবার সকালে রেলপথে ধর্মনগরে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। তাঁর আগমনকে ঘিরে সকাল থেকেই ধর্মনগর রেলস্টেশন এলাকায় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায় দলীয় কর্মীদের মধ্যে।

স্টেশনে উপস্থিত দলীয় কর্মী-সমর্থকরা ফুলের তোড়া ও স্লোগানের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।স্টেশন থেকে সরাসরি তিনি যান ধর্মনগরের পদ্মপুর স্থিত বিজেপি জেলা কার্যালয় ‘অটল ভবন’-এ। সেখানে আয়োজিত হয় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদক রতন ঘোষ,সহ-সভাপতি তাপস ভট্টাচার্য,ওবিসি মোর্চার প্রদেশ সভানেত্রী মলিনা দেবনাথ,জেলা সভাপতি কাজল দাস,মন্ত্রী সুধাংশু দাস,বিধায়ক যাদব লাল দেবনাথ,বিনয় ভূষণ দাস এবং উপনির্বাচনে দলের মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।

বৈঠকে মূলত আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে বুথস্তরের প্রস্তুতি,কর্মীদের ভূমিকা,প্রচার কৌশল এবং ভোটারদের কাছে পৌঁছানোর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় সূত্রে জানা যায়,প্রতিটি বুথে সংগঠনকে আরও সক্রিয় করে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন ভোটারদের সংযোগ বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সাফল্য সাধারণ মানুষের কাছে তুলে ধরার বিষয়েও নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,“ধর্মনগর কেন্দ্রটি পূর্বে বিজেপির দখলে ছিল এবং সংগঠনের শক্তির উপর ভর করেই আমরা আবারও এই কেন্দ্রটি বিপুল ভোটে জয় করতে পারব। তিনি কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান,প্রত্যেকে যেন দায়িত্ব নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে সরকারের কাজ ও উন্নয়নের বার্তা তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর এই সফর এবং সাংগঠনিক বৈঠক ধর্মনগর উপনির্বাচনে বিজেপির প্রস্তুতিকে আরও জোরদার করবে। আগামী দিনে এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক লড়াই আরও তীব্র হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Comment