ইন্ডিয়া স্কিলস প্রতিযোগিতায় রাজ্যের অসাধারণ সাফল্য

অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারী, ২০২৬: ইন্ডিয়া স্কিলস প্রতিযোগিতা ২০২৫-২৬-এর আঞ্চলিক পর্যায়ে ত্রিপুরা প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। ১৯ থেকে ২২ জানুয়ারি, ২০২৬ আসামে অনুষ্ঠিত আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় ত্রিপুরা ১৬টি ট্রেডে ২৮ জন প্রার্থী নিয়ে অংশগ্রহণ করে। এই স্কিলস প্রতিযোগিতাটি বিভিন্ন স্তরে অনুষ্ঠিত হয়।

প্রথমে শিক্ষার্থীরা জেলা ও রাজ্য স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি রাজ্য থেকে প্রতিটি ট্রেডে একজন করে বিজয়ী আঞ্চলিক পর্যায়ের স্কিল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। যেখানে উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের বিজয়ীরা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। আঞ্চলিক পর্যায়ে স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্তরা জাতীয় স্তরে এবং পরবর্তীতে সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্কিলস ২০২৬-এ অংশগ্রহণের সুযোগ লাভকরবে।

ইন্ডিয়া স্কিলস প্রতিযোগিতায় ২০২৪ সালে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৫৫ জন, তা ২০২৫-২৬ সালে বেড়ে দাঁড়িয়েছে ৯৩৬ জনে। এই বৃদ্ধি রাজ্যের যুব সমাজের মধ্যে সচেতনতা, প্রসার ও অংশগ্রহণ বৃদ্ধির ইঙ্গিত দেয়। আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ্য পদক অর্জনকারী চারজন প্রার্থী জাতীয় স্তরের ইন্ডিয়া স্কিলস প্রতিযোগিতা ২০২৫-২৬-এ ত্রিপুরার প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছেন।

এর মধ্যে অটোমোবাইল টেকনোলজিতে রাণীরবাজারের প্রীতম পাল, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে মোহনপুরের অনুরূপা দেবনাথ স্বর্ণপদক লাভকরে। ক্লাউড কম্পিউটিংয়ে মনু বাজারের নিলয় দেবনাথ, ইলেকট্রিক্যাল ইনস্টলেশনে বিশালগড়ের দীপ দেবনাথ রৌপ্যপদক এবং বিউটি থেরাপিতে ছাওমনুর রাখী দেব ব্রোঞ্জপদক লাভ করেন। ইলেকট্রিক্যাল ইনস্টলেশনে উদয়পুরের সুদেব দেব মেডালিয়ন অব এক্সেলেন্স পদক লাভ করেন।

স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক জয়ীদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে যথাক্রমে ৭৫ হাজার, ৫০ হাজার এবং ২৫ হাজার টাকা পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপকদের সাফল্যকে স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার ‘মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প’-এর আওতায় স্বর্ণপদক প্রাপ্তদের জন্য ৭৫ হাজার টাকা, রৌপ্যপদক প্রাপ্তদের জন্য ৫০ হাজার টাকা, ব্রোঞ্জপদক প্রাপ্তদের জন্য ২৫ হাজার এবং মেডালিয়ন অব এক্সেলেন্স প্রাপকের জন্য ১০ হাজার টাকা আর্থিক পুরস্কার প্রদান করবে। দক্ষতা উন্নয়ন অধিদপ্তর থেকে এক প্রেস নোটে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment