প্রগতি ত্রিপুরা, ২২ ডিসেম্বর, ২০২৫: দেশের অর্থনীতির মেরুদন্ড হল সমবায় ব্যবস্থা। সম্মিলিত ব্যবস্থার মাধ্যমে কাজ করলে একদিকে যেমন অর্থনৈতিক উন্নয়ন সম্ভব তেমনি কর্মসংস্থানের পথও সুগম হয়। আজ তেলিয়ামুড়ার নেতাজীনগরে অশ্বিনীঘোষ স্মৃতি হলে তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একথা বলেন।
তিনি বলেন, দেশের অর্থনীতির ভিত্তি মজবুত করতে সমবায় ব্যবস্থার প্রয়োজনীয়তা অপরিহার্য। গুজরাটের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সমবায় ব্যবস্থার মাধ্যমে গুজরাট আজ সারা দেশকে পথ দেখাচ্ছে। ঐ রাজ্যে বস্ত্র থেকে শুরু করে দুগ্ধজাতীয় বিভিন্ন পণ্যের বিপণন সমবায় ব্যবস্থার মাধ্যমে করা হয়েছে এবং বিষয়টি দারুণভাবে সফলতার মুখ দেখেছে। তিনি বলেন, রাজ্যে বর্তমানে ১৪টি প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি রয়েছে।
রাজ্যে সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য রাজ্যের বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভায় সরকার পক্ষের মুখ্যসচেতক কল্যাণী সাহা রায় বলেন, তেলিয়ামুড়া বাজারে বিভিন্ন ব্যবসায়ীর সুবিধার্থে একটি আধুনিক বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া বক্তব্য রাখেন খোয়াই জিলা পরিষদের সহ সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব, বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত কুমার সাহা, গোপাল বর্মণ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন তেলিয়ামুড়া প্রাইমারি কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান নীতিন কুমার সাহা। সভা শেষে তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০,০০১ টাকার একটি চেক সমবায় মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।








