বর্তমান উন্নত সভ্যতার যুগে বিজ্ঞান আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ: বিদ্যুৎ মন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর, ২০২৫: বিজ্ঞান মেলা আয়োজন করার প্রধান উদ্দেশ্য হচ্ছে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের বিজ্ঞানমুখী করে তোলা। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে যেন সৃষ্টিশীল মনোভাব গড়ে উঠে।

আজ সাবুম দ্বাদশ শ্রেণি ইংরেজী মাধ্যম বিদ্যালয়ে আন্তঃ বিদ্যালয় ভিত্তিক ঋষি সুশ্রুত বিজ্ঞান মেলার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

তিনি আরও বলেন, আগে আমরা পায়ে হেঁটে অনেক দূরে বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতাম। বর্তমানে ত্রিপুরায় যোগাযোগ ও পরিকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। বর্তমান উন্নত সভ্যতার যুগে বিজ্ঞান আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।

বিদ্যুৎ মন্ত্রী বলেন, বিজ্ঞানের সুফল সকলকে উপলব্ধি করতে হবে। কৃষি ক্ষেত্রে বিজ্ঞানের উন্নত প্রযুক্তি প্রয়োগের কারণে কৃষি ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠনে প্রত্যেক ছাত্রছাত্রীকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।

দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হলে প্রত্যেক ছাত্রছাত্রীকে গুণগত শিক্ষা গ্রহণ করতে হবে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, মহকুমা শাসক অভিজিত সিং যাদব।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলায়ু মগ, প্রাক্তন বিধায়ক শংকর রায়। এছাড়া আজ পোয়াংবাড়ি ব্লকে কৃষকদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ।

Leave a Comment