অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর, ২০২৫:নেশার ট্যাবলেট সহ এক মহিলা আটক হয় ধর্মনগর পুলিশের হাতে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেলস্টেশন রোড এলাকা থেকে গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে এই মহিলাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,ধৃত মহিলার নাম শুক্লা দেবনাথ (৩৭)। তিনি কমলাসাগর দেবিপুরের স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে আগরতলার চন্দ্রপুর এলাকায় বসবাস করছিলেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিকরা।
তাঁদের উপস্থিতিতেই আটক মহিলার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১,৯৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা বলে জানান ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা।
উদ্ধারকৃত মাদকসহ আটক মহিলাকে ধর্মনগর থানায় নিয়ে আসে পুলিশ এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে আটক মহিলাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশ।








