অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর, ২০২৫: জাতীয় সাংস্কৃতিক ও সাহিত্য উৎসব, কলা উৎসব ও সমৃদ্ধি ২০২৫, অন্ধ্রপ্রদেশের গুন্টুরে ৩ থেকে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি ন্যাশনাল এডুকেশনাল সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস (NESTS), জনজাতি বিষয়ক মন্ত্রক, ভারত সরকারের আয়োজনে এবং অন্ধ্রপ্রদেশ ট্রাইবাল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইন্সটিটিউশনস সোসাইটি (APTWREIS)-এর দ্বারা সঞ্চালিত হয়।
এই উৎসবে ভারতের ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অংশগ্রহণকারীরা তাদের প্রতিভা এবং বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরেছেন। ত্রিপুরা থেকে, ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইন্সটিটিউশনস সোসাইটি (TTWREIS)-এর অধীনস্থ ১২টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল (EMRSS) থেকে মোট ৪৫ জন শিক্ষার্থী (ছেলে ১৭ জন এবং মেয়ে ২৮ জন) এই জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
সাংস্কৃতিক ও সাহিত্য উৎসবটি আয়োজিত হয়েছিল জনজাতি সংস্কৃতি এবং লোক ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন ধরনের পরিবেশনা প্রদর্শনের জন্য। এই কর্মসূচিতে ছিল একক ও সমবেত নৃত্য এবং সঙ্গীত পরিবেশনা, যন্ত্রসঙ্গীত এবং জনজাতীয় লোককাহিনীর উপর ভিত্তি করে হিন্দি ও ইংরেজিতে গল্প বলা।
এছাড়াও এই অনুষ্ঠানে হিন্দি ও ইংরেজিতে তাৎক্ষণিক বক্তৃতা, বানান প্রতিযোগিতা, বিতর্ক এবং ক্যুইজের মতো প্রতিযোগিতা অন্তর্ভুক্ত ছিল। অন্ধ্রপ্রদেশের গুন্টুরে অনুষ্ঠিত ৬ষ্ঠ ই.এম.আর.এস. জাতীয় সাংস্কৃতিক ও সাহিত্য উৎসব, কলা উৎসব ও সমৃদ্ধি ২০২৫-এ ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে অংশগ্রহণ করে বিভিন্ন বিভাগে বিজয়ীদের তালিকা দেওয়া হলো:
(১) আঞ্চলিক লোকনৃত্য (সমবেত) সিনিয়র- (প্রথম স্থান), (২) জনজাতীয় কণ্ঠসংগীত সিনিয়র বিভাগ (দ্বিতীয় স্থান), (৩) ভিজ্যুয়াল আর্টস ২ডি চিত্রাঙ্কন – সিনিয়র বিভাগ-(প্রথম স্থান), (৪) আঞ্চলিক জনজাতীয় সমবেত নৃত্য সিনিয়র বিভাগ (তৃতীয় স্থান), (৫) কুইজ সিনিয়র বিভাগ-(তৃতীয় স্থান), (৬) তাৎক্ষণিক বক্তৃতা সিনিয়র বিভাগ (প্রথম স্থান) এবং (৭) জনজাতীয় সমবেত নৃত্য জুনিয়র (তৃতীয় স্থান)। জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছে।








