খোয়াইয়ে জনজাতি গৌরব দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক, ১৫ নভেম্বর, ২০২৫: তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং খোয়াই জেলা প্রশাসনের সহযোগিতায় ও অল আদিবাসী অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে চা বাগান হাইস্কুল মাঠ প্রাঙ্গণে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তী ও জনজাতি গৌরব দিবস উদযাপন করা হয়। প্রথমে বনবীথি ইকোপার্কে ভগবান বীরসা মুন্ডার মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিধানসভার মুখ্যসচেতক বিধায়ক কল্যাণী সাহা রায় সহ উপস্থিত অন্যান্য অতিথিগণ।

এরপর চা বাগান হাইস্কুল মাঠে বীরসা মুন্ডার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধানসভার সরকারি মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী সাহা রায়। বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতি সাহা রায় বলেন, ভগবান বীরসা মুন্ডা পিছিয়ে পড়া অংশ থেকে উঠে আসা এক গুণী ব্যক্তি ছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে তৎকালীন সময় গর্জে উঠেছিলেন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য তিনি লড়াই করেছিলেন। ভগবান বীরসা মুন্ডার জীবন আদর্শকে পাথেয় করে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে ও সমাজকে বিকশিত করতে হবে।

অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে বলেন, সরকার জনজাতিদের আর্থসামাজিক মান উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় (দত্ত), জিলা পরিষদের সদস্য অনুকূল দাস, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য, জিলা পরিষদের প্রাক্তন সভাধিপতি জয়দেব দেববর্মা, জেলাশাসক রজত পন্থ, জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী সমীর কুমার দাস, সমাজপতি মঙ্গল সাঁওতাল, প্রধান সমাজপতি শুকলাল ওরাং প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অল আদিবাসী অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রমেন সাঁওতাল।

অনুষ্ঠানে ৩ জন সাঁওতাল শিল্পীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্ডা সম্প্রদায়ের প্রধান সমাজপতি সুরেশ মুন্ডা। অনুষ্ঠান উপলক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও সাঁওতাল সম্প্রদায়ের ব্যক্তিদের মধ্যে তীরন্দাজী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া কর্মসূচি অনুযায়ী বিদ্যালয় মাঠে ১১টি প্রদর্শনী স্টল খোলা হয়। বন দপ্তরের পক্ষ থেকে এলাকাবাসীদের মধ্যে ৫০০টি চারাগাছ (বিভিন্ন প্রজাতির) বিলি করা হয়। অনুষ্ঠানে সাঁওতাল নৃত্য, সংগীত, দলগত সংগীত, উপজাতি নৃত্য ইত্যাদি পরিবেশিত হয়।

Leave a Comment