অনলাইন ডেস্ক, ৪ নভেম্বর, ২০২৫ : যুব সমাজকে তামাকের ভয়াবহ ক্ষতি থেকে দূরে রাখতে, তামাক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে গত ৩ নভেম্বর জলাই গ্রাম পঞ্চায়েত এলাকার উজান জলাই অঙ্গনওয়াডী কেন্দ্রে তামাকমুক্ত যুব অভিযান ৩.০’ সফলভাবে পালিত করা হলো।
এই জনসচেতনতামূলক কর্মসূচির মূল আযোজক ছিল জলাই আয়ুষ্মান আরোগ্য মন্দির যার সঙ্গে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। উনকোটি জেলার কণিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন জলাই আয়ুত্থান আরোগ্য মন্দিরের অধীন উজান জলাই অঙ্গনওয়াড়ী কেন্দ্রে আযোজিত এই কর্মসূচিতে এলাকার বহু মানুষ, বিশেষ করে যুব প্রতিনিধি এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল যুবকদের মধ্যে তামাক সেবনের অভ্যাস শুরু হওয়ার আগেই তাদের সতর্ক করা। অনুষ্ঠানের শুরুতে জলাই আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসার রূপা দাস তামাক ও তামাকজাত পণ্য (যেমন সিগারেট, বিড়ি, গুটখা, খৈনি) সেবনের ক্ষতিকর দিকগুলি তুলে ধরেন।
বিশেষ করে নিকোটিনের আসক্তি এবং মুখ ও ফুসফুসের ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি সম্পর্কে যুবকদের সতর্ক করা হয়। স্বাস্থ্যকর্মী বলেন, “তামাক শুধু শরীর নয়, একটি যুবকের ভবিষ্যৎ এবং তার পরিবারের স্বপ্নকেও নষ্ট করে দেয়। নিয়মিত তামাক সেবনের ফলে কিভাবে পরিবারের আর্থিক ও সামাজিক ক্ষতি হয়, সেই দিকটিও তুলে ধরা হয়।
এই সচেতনতা বৃদ্ধিতে জলাই গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গোষ্ঠীর সদস্যরা যুবকদের অনুপ্রাণিত করে বলেন যে, সুস্থ জীবনযাপনই আসল শক্তি। তাঁরা কিভাবে নিজেদের পরিবার ও সমাজে তামাকের ব্যবহার কমাতে কাজ করছেন, সেই বিষয়েও আলোচনা করেন।
স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা শপথ নেন যে, তাঁরা গ্রামে তামাকজাত পণ্যের বিক্রি এবং অপ্রাপ্তবয়স্কদের কাছে তা সরবরাহ করা বন্ধ করার জন্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকল যুবক-যুবতী এবং গ্রামবাসী তামাকমুক্ত জীবনযাপনের শপথ নেন। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে এই সংবাদ জানালো হয়েছে।








