পাচারের চেষ্টা ব্যর্থ, সেগুন কাঠ সহ গাড়ি আটক করল বন দপ্তর!

অনলাইন ডেস্ক, ২০ আগস্ট, ২০২৫। আবারও পাচারের চেষ্টা ব্যর্থ করল বন দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে অভিযান চালিয়ে বনকর্মীরা সেগুন কাঠে বোঝাই একটি গাড়ি আটক করে।

তবে অভিযুক্ত চালককে আটক করা সম্ভব হয়নি। ঘটনাটি ঘটে ধর্মনগর মহকুমার তারাকপুর বর্ডার রোড এলাকায়। সূত্রের খবর, বুধবার সকালেই পানিসাগর এলাকা থেকে সন্দেহজনকভাবে চলাচলকারী TR05F1661 নম্বরের একটি বলেরো মালবাহী গাড়ির পিছু নেন বনকর্মীরা।

উপস্থিতি টের পেয়ে চালক গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে তারাকপুরে গাড়িটি ফেলে চাবিসহ পালিয়ে যায়। পরবর্তীতে বন দপ্তরের কর্মীরা গাড়ি থেকে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করে।

খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ও বিএসএফ-এর জওয়ানরাও ঘটনাস্থলে পৌঁছান। বন দপ্তরের আধিকারিক রাকেশ দাস জানান, গাড়ি থেকে প্রায় ৮০ ফুট বিভিন্ন সাইজের সেগুন কাঠ উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক এক লক্ষ টাকা।

তবে এই পাচারচক্রের সঙ্গে জড়িত কাউকেই এখনও গ্রেফতার করা যায়নি। উল্লেখযোগ্য, গত কয়েক সপ্তাহ ধরে ধর্মনগর মহকুমার বন দপ্তর এই পাচারচক্রের উপর নজরদারি চালাচ্ছিল।

ওইঅভিযানে নেতৃত্ব দেন বন দপ্তরের আধিকারিক রাকেশ দাস, বনরেঞ্জার সুপ্রিয় দেবনাথ, লালছড়া ফরেস্ট বিট ইনচার্জ অভিজিৎ দাস, চুরাইবাড়ি ফরেস্ট বিট ইনচার্জ আশুতোষ মালাকার এবং জুরি ফরেস্ট ইউনিটের কর্মীরা।

রাকেশ দাস জানান, উদ্ধার হওয়া কাঠ সম্ভবত সংরক্ষিত বনাঞ্চল থেকেই কেটে আনা হয়েছে। বন আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন তিনি।

বন দপ্তরের ধারাবাহিক সাফল্যে খুশি পরিবেশপ্রেমীরা। বনকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে, যাতে কেউ আর বেআইনিভাবে কাঠ পাচারের সাহস না পায়।

Leave a Comment