অনলাইন ডেস্ক, ৬ জুন, ২০২৫: পুলিশের রুটিন তল্লাশিতে স্কুটি সহ নেশা কারবারি গ্রেফতার পানিসাগরে। রাতের নাকা চেকপোস্টে রুটিন তল্লাশির সময় স্কুটি সহ এক নেশা কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ঘটনা বৃহস্পতিবার রাতে পানিসাগরে।
পুলিশ সূত্রে জানা যায়, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর এলাকায় থানার নাকা চেকপোস্টে রাতের রুটিন তল্লাশির সময় কৃষি দপ্তর অফিস সংলগ্ন আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কে পুলিশ একটি নম্বর বিহীন স্কুটি আটক করে। পানিসাগর পানিসাগর মহকুমার ডি সি এম দিবাকর জমাতিয়া ও মহকুমা পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে স্কুটির ভিতর থেকে ৮১টি হেরোইন ভর্তি কৌটা উদ্ধার করা হয়।
স্কুটির চালক তথা হেরোইন পেডলার আব্দুল খালেক (৩৫)কে দ্রুত আটক করা হয়েছে। তার বাড়ি ধর্মনগর থানাধীন মঙ্গলখালী এলাকায় বলে জানা গেছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
পানিসাগর থানার অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য জানান,ধৃত হেরোইন পেডলার ধর্মনগর থেকে পেঁচারতল পর্যন্ত এই বিপজ্জনক মাদকদ্রব্য পরিবহন করছিল। অফিসার ইনচার্জ আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন (এনডিপিএস) অনুসারে একটি মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। ধৃতকে আজ জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়।







