ম্যালেরিয়া সংক্রমণ রুখতে রঞ্জিত পাড়ায় রাত্রিকালীন বিশেষ স্বাস্থ্য শিবির

অনলাইন ডেস্ক, ২ জুন, ২০২৫ : গোমতী জেলার ঘোড়াকাপ্পা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনে বগাচতল আয়ুষ্মান আরোগ্য মন্দিরের রঞ্জিত পাড়া এলাকায় গত ২৮ মে ২০২৫ রাতে একটি বিশেষ স্বাস্থ্য শিবির ও ম্যালেরিয়া বিষয়ক সচেতনতা সভার আয়োজন করা হয়। বগাচতল আয়ুম্মান আরোগ্য মন্দিরের রঞ্জিত পাড়া এলাকাটি দুর্গম এবং বসবাসকারী সবাই জুমিয়া পরিবার।

জুমিয়া পরিবারের সদস্যরা ভোরবেলা সারাদিনের জন্য জুমের কাজে চলে যান। তাই দিনেরবেলায় তাদের বাড়িতে পাওয়া যায় না। ম্যালেরিয়া প্রবণতা রুখতে এলাকায় নিবিড় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জরুরী ভিত্তিতে গোমতী জেলা স্বাস্থ্য বিভাগ এবং ঘোড়াকাপ্পা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে রাত্রিকালীন বিশেষ স্বাস্থ্য শিবিরের আযোজন করা হয়।

ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্তকরণ ও বিনামূল্যে চিকিৎসা প্রদান সহ ম্যালেরিয়া প্রতিরোধ করার লক্ষে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। এদিন স্বাস্থ্যকর্মীরা জ্বর, সর্দিকাশিতে ভুগতে থাকা ৪০জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

পাশাপাশি ৪০ জন রোগীর ম্যালেরিয়া প্যারাসাইট শনাক্তকরণের লক্ষে আরডিকিট পরীক্ষা করা হয়। তাতে কোনো রোগীর ম্যালেরিয়া পজিটিভ পাওয়া যায়নি। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার (আয়ুষ) ডাঃ পীযূষ দেববর্মা, ফার্মাসিস্ট নাইথক জমাতিয়া, ল্যাব টেকনিশিয়ান চুমকি ত্রিপুরা সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ।

Leave a Comment